বিনোদন ডেস্ক- চিত্রনায়িকা পরীমণি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জেল খেটেছেন প্রায় এক মাস। গত ১ সেপ্টেম্বর জামিনে মুক্তি পান তিনি। এরপর আলাদাভাবে কয়েকটি গণমাধ্যমে কথা বলেছেন। কিন্তু কোনো সংবাদ সম্মেলনে অংশ নেননি।
অবশেষে সাংবাদিকদের মুখোমুখি হতে যাচ্ছেন পরী। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এফডিসির জহির রায়হান কালার ল্যাবে এক সংবাদ সম্মেলনে অংশ নেবেন তিনি। তবে এটা তার ব্যক্তিগত কিংবা কারাবাস-জামিন বিষয়ে নয়, একেবারেই সিনেমাকেন্দ্রিক আয়োজন।
ব্রিটিশবিরোধী আন্দোলনে শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদারকে নিয়ে রাশিদ পলাশ নির্মিত সিনেমা প্রীতিলতা নিয়ে এ সংবাদ সম্মেলন হবে এফডিসিতে। চলচ্চিত্রটিতে নাম ভূমিকায় অভিনয় করছেন পরীমনি।
বিষয়টি নিশ্চিত করে পরিচালক রাশিদ পলাশ বলেন, ‘সিনেমাটি নিয়ে এখন পর্যন্ত আমরা ফরমালি কোনো সংবাদ সম্মেলন করিনি। সিনেমাটি নিয়ে কথা বলতেই এই সংবাদ সম্মেলন ডেকেছি আমরা। সেখানে পরীমনিসহ প্রীতিলতার পুরো টিম উপস্থিত থাকব।’
গত বছরের নভেম্বরে রাজধানীর উত্তরায় শুরু হয়েছিল এ সিনেমার শুটিং। এরপর প্রথম ধাপে ঢাকায় বিভিন্ন লোকেশনে এক সপ্তাহ শুটিং হয়েছে সিনেমাটির।
চলতি বছরের ২০ জুলাই প্রকাশ পায় সিনেমাটির ফার্স্ট লুক। ১৯৩২ সালে প্রীতিলতার যে ছবি ওয়ান্টেড হিসেবে প্রকাশ করেছিল ব্রিটিশ পুলিশ, সেই ছবির আদলেই প্রীতিলতার ফার্স্ট লুকে ধরা দেন পরীমনি।
সিনেমাটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন গোলাম রাব্বানী। এই চলচ্চিত্রের জন্য ‘একবার বিদায় দে মা ঘুরে আসি, হাসি হাসি পরব ফাঁসি, দেখবে ভারতবাসী’ গানটি নতুন করে গাইবেন দুই বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী কবীর সুমন।
