Home জাতীয় দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মির্জা ফখরুলের

দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মির্জা ফখরুলের

0
112

নজর২৪, ঢাকা- দলের নেতা-কর্মীসহ সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খালেদা জিয়া অন্তরীণ, তারেক রহমান নির্বাসনে উল্লেখ করে তিনি বলেন, আমাদের দায়িত্ব নিজেদের মধ্যে ঐক্য সৃষ্টি করা।

 

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) দুপুরে গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে কৃষক দলের নব নির্বাচিত কমিটির নেতারা দেখা করতে এলে মির্জা ফখরুল এ আহ্বান জানান।

 

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কৃষকরা সবচেয়ে বেশি অবহেলিত। তারা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পান না। তারা কোনো ধরনের সাহায্য-সহযোগিতা পান না। এমনকি করোনার মতো একটি ভয়াবহ সময়েও কৃষকরা কোনো প্রণোদনা পাননি।

 

তিনি বলেন, বর্তমানে দেশ একটি ভয়াবহ সময় পার করছে। আমরা এ সময় কৃষকদের কাছ থেকে আশা করব তারা নিজেদেরকে সংগঠিত করবে। যে ফ্যাসিস্ট সরকার জবরদখল করে ক্ষমতায় বসে আছে তাদেরকে সরাতে কৃষকদের ভূমিকা রাখতে হবে।

 

বিএনপি মহাসচিব আরো বলেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এখন গৃহবন্দি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মিথ্যা মামলার সাজা নিয়ে নির্বাসিত। আমাদের প্রায় ৩৫ লাখ নেতাকর্মী মিথ্যা মামলায় জর্জরিত। কয়েক হাজার মানুষ খুন-গুমের শিকার। এরকম পরিস্থিতিতে আমাদের দায়িত্ব নিজেদেরকে ঐক্যবদ্ধ করা।

 

নিজেদের ঐক্যবদ্ধ করে একটি গণআন্দোলনের মাধ্যমে সরকারকে প্রতিহত করতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here