বিনোদন ডেস্ক- ক্যারিয়ারের শুরু থেকেই আলোচনায় ঢালিউডের চিত্রনায়িকা পরীমনি। সম্প্রতি নতুন করে আলোচনায় এসেছেন এ নায়িকা। পাশাপাশি সমালোচনার মুখেও পড়তে হয়েছে তাকে।
নানা চড়াই-উতরাই পেরিয়ে স্বাভাবিক জীবনে ফিরছেন পরীমনি। শঙ্কা কাটিয়ে ছন্দে ফেরার চেষ্টা করছেন এ নায়িকা। শিগগিরই ফিরবেন লাইট-ক্যামেরার দুনিয়ায়। আলাপকালে এ ইঙ্গিতই দিয়েছেন পরীমনি।
শনিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় আলাপকালে পরীমনি জানান, সবকিছু ঠিকঠাক থাকলে ‘গুনিন’ সিনেমার মাধ্যমে লাইট-ক্যামেরার সামনে ফিরবেন তিনি। গত সপ্তাহে সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন এ নায়িকা। ‘রাবেয়া’ চরিত্রে দেখা যাবে পরীমনিকে।
কাজে ফেরা প্রসঙ্গে পরীমনি বলেন, শরীরের অবস্থা খুব বেশি ভালো না। ঠান্ডা লেগে আছে। তার মধ্যেই কাজে ফেরার প্রস্তুতি নিচ্ছি। ১০ অক্টোবর থেকে ‘গুনিন’ সিনেমার শুটিং শুরু হবে।
জানা গেছে, দেশের বিভিন্ন লোকেশনে চিত্রায়ণ হবে সিনেমাটির। এতে পরীমনির বিপরীতে অভিনয় করবেন শরীফুল রাজ। ৫০ বছর আগের কৃষিজীবী একটি গ্রামের গল্পে নির্মিত হবে ‘গুনিন’।
এদিকে পরীমনি শেষ করেছেন ইফতেখার শুভর পরিচালনায় ‘মুখোশ’ সিনেমার ডাবিং। মূলত এ সিনেমার মাধ্যমেই কাজে ফিরেছিলেন তিনি। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে ডাবিং শেষ করেছেন পরীমনি। ডাবিংয়ে পরীমনি কেমন ছিলেন? উত্তরে পরিচালক শুভ বলেন, ‘খুব স্বাভাবিক ছিল। আগের মতোই প্রাণবন্ত, প্রাণচঞ্চল ছিল। সবার সঙ্গে চিরচেনা রূপেই ছিলেন।’
পরীমনি বিশ্বাস করেন, কাজই জীবন-জীবনই কাজ। তাই সব বাধা পেছনে ফেলে কাজে ফিরেছেন তিনি। মানসিক শক্তির বলেই কাজে ফিরতে পেরেছেন এ নায়িকা।
রাশিদ পলাশের পরিচালনায় ‘প্রীতিলতা’ সিনেমার বাকি অংশের চিত্রায়ণেও অংশ নেবেন পরীমনি। নির্মাতা জানান, সামনে পরীমনির জন্মদিন। জন্মদিনের পরই তাকে নিয়ে শুটিং সেটে চলে যাবে ইউনিট।
উল্লেখ্য, ৩১ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ মাদক মামলায় পরীমনির জামিন মঞ্জুর করেন। পরদিন গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে মুক্তি পান তিনি।
গত ৪ আগস্ট রাতে প্রায় চার ঘণ্টার অভিযান শেষে বনানীর বাসা থেকে পরীমণি ও তার সহযোগী দীপুকে আটক করে র্যাব। এ সময় পরীমণির বাসায় বিভিন্ন ধরনের মাদক পাওয়া গেছে বলে জানায় র্যাব। পরদিন ৫ আগস্ট র্যাব-১ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরীমণি ও তার সহযোগীর বিরুদ্ধে বনানী থানায় মামলা করে।
এরপর ৩ দফায় মোট ৭ দিনের রিমান্ডে নেওয়া হয় পরীমণিকে। প্রথম দফায় ৫ আগস্ট ৪ দিন, দ্বিতীয় দফায় ১০ আগস্ট ২ দিন এবং ৩য় দফায় ১৯ আগস্ট ১ দিনের রিমান্ড মঞ্জুর হয় তার। বর্তমানে তিনি জামিনে রয়েছেন।





