আশা করি গ্রাহকদের পাশে থাকবে ইভ্যালি: শবনম ফারিয়া

নজর২৪ ডেস্ক- দেশের আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালিতে যুক্ত হয়েছিলেন জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। প্রতিষ্ঠানটির প্রধান জনসংযোগ কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছিলেন তিনি। আনুষ্ঠানিক দায়িত্ব বুঝে নিয়েছিলেন ১ জুন।

 

ইভ্যালি নিয়ে জল ঘোলা হওয়ার পর গ্রেপ্তার হয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যম থেকে যোগাযোগ করা হয় শবনম ফারিয়ার সঙ্গে। ইভ্যালি নিয়ে তার অবস্থান জানতে চেয়েছেন অনেকে।

 

অবশেষে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন এ অভিনেত্রী। লিখিত বার্তায় জানিয়েছেন, জুলাইয়ের পর দাপ্তরিক কোনো কাজ ছিল না ফারিয়ার। তাই আগস্টে চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

 

বার্তার শুরুতে শবনম ফারিয়া লেখেন, ‘দুদিন ধরে খেয়াল করছি আমার সঙ্গে কথা না বলে কেউ কেউ বিভিন্ন রকমের সংবাদ প্রকাশ ও প্রচার করছে। সেসব খবরের শিরোনাম দেখে ভেতরের খবর না পড়ে মন্তব্য করতে কিছু মানুষের সম্ভবত খুব ভালো লাগে! যা সত্যি খুবই দুঃখজনক।’

 

বিবৃতিতে ফারিয়া উল্লেখ করেন, ‘কিছু বিষয় এখন পরিস্কার করার সময় এসেছে। আমি জুন-জুলাই এই দুই মাস একটি “ই কমার্স সাইটে” তাদের গণসংযোগ বিভাগে কাজ করেছি। আমি সেখানে যোগদানের ১৫ দিন পর থেকেই বাংলাদেশ ব্যাংকের একটি রিপোর্ট চলে আসায় তাদের কার্যক্রম অনেকটাই কমে এসেছিল। জুলাইয়ের পর আমার দাপ্তরিক কোন কাজই ছিল না! তাই আগস্টে আমি চাকরি ছেড়ে দেয়ার সিদ্ধান্তে আসি। ’

 

তিনি আরও জানান, ‘আমি কখনও প্রকাশ্যে কোথাও এই কোম্পানির প্রমোট করিনি। কখনো বলিনি আপনারা বিশ্বাস রাখেন কিংবা আস্থা রাখেন। কারণ সেখানে দাপ্তরিক কাজের বাইরে আমার কোনো কিছু প্রচার প্রকাশের কোনো চুক্তি ছিল না। যেহেতু আমি পেশায় অভিনেত্রী সুতরাং আমাকে কোনো কোম্পানির প্রচারের কাজে অংশ নিলে আলাদা সম্মানি দিতে হয়। সেখানে সেই সুযোগ নেই। ’

 

চাকরি ছাড়ার বিষয়টি না জানানোর বিষয়ে ফারিয়া যুক্তি উপস্থাপন করেন, ‘আমি অহেতুক আলোচনার অংশ হতে চাইনি। আরিফ আর হোসাইন ভাই যখন বললেন, তিনি আর এখানে কাজ করছেন না। তখনও আপনারা তাকে নিয়ে ট্রোল করলেন। চাকরি ছাড়লেও সমস্যা, কাজ করলেও সমস্যা! কোথায় যাবো? অপ্রয়োজনীয় আলোচনার অংশ হতে ভাল লাগে না। কিন্তু আমার ভাগ্য এতো খারাপ কেন, আমারই সবসময় আলোচনা/সমালোচনায় পড়তে হয়। ’

 

বিবৃতিতে তিনি প্রকাশিত কিছু সংবাদের প্রতি ক্ষোভ জানিয়ে বলেন, ‘কিছু গণমাধ্যম লিখছে আমি নাকি অভিযোগ করেছি বেতন পাইনি! কাকে অভিযোগ করেছি? কখন অভিযোগ করেছি? কীভাবে করেছি? এই প্রমাণ কেউ দিচ্ছে না! আমার অভিযোগ থাকলে সেটা আমি প্রতিষ্ঠানটির এইচআর ডিপার্টমেন্টে করবো। সাংবাদিক ভাইদের কেন করবো? তারা কি আমাকে বেতন দেবে?’

 

ইভ্যালি নিয়ে আশা প্রকাশ করে এই অভিনেত্রী বলেন, ‘আমি যেই কোম্পানিতে কাজ করেছি তারা এখন একটা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। আশা করবো, তারা সব দায় পরিশোধ করে গ্রাহকদের পাশে থাকবে!’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *