কলকাতায় প্রশংসায় ভাসছেন জয়া আহসান

বিনোদন ডেস্ক- দুই বাংলার তুমুল জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তার অভিনয়ে মুগ্ধ লাখো ভক্ত-অনুরাগী। তবে শুধু অভিনয় নয়, এবার সেই মুগ্ধতার রেশ ছড়ালেন গান গেয়ে।

 

সম্প্রতি কলকাতায় মুক্তি পেয়েছে অতনু ঘোষ পরিচালিত সিনেমা ‘বিনিসুতোয়’। এতে শুধু অভিনয় নয়, একটি গানও গেয়েছেন জয়া। তাও আবার রবীন্দ্রসংগীত। সিনেমায় নিজের গাওয়া গানের সঙ্গে ঠোঁটও মিলিয়েছেন জয়া।

 

‘সুখের মাঝে তোমায় দেখেছি’ শিরোনামের এ গানটির এক ইউটিউব লিংক নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করেছেন জয়া। সেই সঙ্গে ক্যাপশনে লিখেছেন, ‘নিজের মতো করে চেষ্টা করেছি গাইবার। আশা করছি, আপনাদের ভালো লাগবে।’

 

আসলেই গানটি কেমন লাগল শ্রোতাদের? তা বোঝা গেল গানটির ইউটিউব লিংকে মুগ্ধতা প্রকাশ করে নেটিজেনদের মন্তব্যে।

 

গৌরব বিশ্বাস লিখেছেন, ‘কী সুন্দর মোহের আবেশ তৈরি করলো জয়ার কণ্ঠে রবীন্দ্রসংগীতটি। মোহাচ্ছন্ন হয়ে শুনলাম গানটি। আহা! কি কণ্ঠস্বর।’

 

গৌতম চক্রবর্তী লিখেছেন, ‘অপূর্ব। বাংলাদেশের শিল্পীদের কণ্ঠে রবীন্দ্রনাথ বড় সুন্দর করে ধরা দেয়।’

 

অনুস্তাপ রায় লিখেছেন, ‘এত ভালো রবীন্দ্রসংগীত অনেক প্রথিতযশা শিল্পীরাও গাইতে পারেন না আজকাল! জয়া আহসান যা গাইল, যেভাবে যে যে জায়গায় দম নিলো, যেভাবে ‘পেয়েছি’র ‘য়ে’ টা আলাদা করে বলল ‘পে’র থেকে, অনেক ভালো লাগা বেড়ে গেল জয়ার প্রতি।’

 

জয়ার কণ্ঠে আরো গান শোনার দাবি জানিয়ে বাপ্পি লিখেছেন, ‘জয়া দিদি এত ভালো গান করেন, তা জানতামই না এই গান না শুনলে। দিদি তোমার কাছ থেকে আরো গান শুনতে চাই।’ মনিশা ব‌্যানার্জি লিখেছেন, ‘আমার কিচ্ছু বলার ভাষা নেই ম‌্যাম। প্রণাম নেবেন।’

 

‘বিনিসুতোয়’ চলচ্চিত্রে কাজল ও শ্রাবণীর ভূমিকায় অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী ও জয়া আহসান। মধ্য তিরিশের এই দুই মানুষের একে অপরের সঙ্গে পরিচয় হয় একটি রিয়েলিটি শোয়ের অডিশনে। দুজনের জীবনের গল্পে বেশ কিছুটা মিল থাকায় খুব তাড়াতাড়িই পরস্পরের সঙ্গে মিশে যান তারা। কিন্তু এরই মাঝে এক দুর্ঘটনায় আহত হন শ্রাবণী। দ্রুত তাকে ডাক্তারের কাছে নিয়ে যান কাজল। যাওয়ার পথে তারা এক অপরের সঙ্গে শেয়ার করেন জীবনের ঘাত-প্রতিঘাতের গল্প।

 

অতনু ঘোষ পরিচালিত এ চলচ্চিত্রে আরো অভিনয় করেছেন—কৌশিক সেন, চান্দ্রেয়ী ঘোষ, সমন্তক দ্যুতি মৈত্র প্রমুখ। ২০১৯ সালে এর নির্মাণকাজ শেষ হওয়ার পর মহামারি করোনার কারণে থমকে ছিল মুক্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *