হঠাৎ মিরপুর স্টেডিয়ামে মাশরাফি

স্পোর্টস আপডেট ডেস্ক- ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের পর দেশের ক্রিকেটে অনিয়মিত হয়ে পড়েছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। এখনো আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় না বললেও দেশের জার্সিতে সবশেষ ম্যাচ খেলেছেন প্রায় দেড় বছর আগে।

 

দীর্ঘ এই সময়ে মিরপুর স্টেডিয়ামে সঙ্গে সম্পর্কটা আর আগের মতো নেই। খুব বেশি দেখা যায় না তাকে। তবে আজ (শনিবার) নিজের দুই সন্তান নিয়ে হাজির শেরে-বাংলা স্টেডিয়ামে।

 

মেয়ে হুমায়রা আর ছেলে সাহেলকে নিয়ে শনিবার বিকালে স্টেডিয়ামে আসেন মাশরাফি। ঘণ্টা দুয়েক স্টেডিয়ামে ছিলেন তিনি।

 

পরে নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে নিজের অনুভূতি প্রকাশ করেছেন বাংলাদেশের অনেক সাফল্যের নায়ক, ‘যেখানকার আমি অংশ, সেখানে অনেকদিন পর। খুব সতেজ লাগছে, অনেক স্মৃতি ঘুরছে মাথার ভেতর।’

 

জানা গেছে, কোনো অনুশীলন নয়, মাশরাফি এদিন বিসিবিতে এসেছিলেন অন্য কাজে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য জাতীয় সঙ্গীতের ফুটেজ ধারণে আরও কয়েকজন শিশুর সঙ্গে অংশ নিয়েছেন তার মেয়ে হুমায়রা। মেয়েকে নিয়েই এসেছিলেন প্রিয় আঙিনায়।

 

২০২০ সালের মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডের পর আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে মাশরাফির। এরপর করোনাভাইরাস মহামারিতে দুনিয়াজুড়েই খেলাধুলো বন্ধ ছিল। ২০২০ সালে যখন আবার ঘরোয়া ক্রিকেট ফিরে, শুরুতে মাশরাফি তখনো ছিলেন দূরে। খেলেননি প্রস্তুতিমূলক বিসিবি প্রেসিডেন্ট’স কাপে।

 

ফিটনেস নিয়ে সংশয় থাকায় মাশরাফির খেলার কথা ছিল না বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপেও। কিন্তু টুর্নামেন্টের মাঝপথে তাকে দলে নেয় জেমকন খুলনা। জেমকনের হয়ে গত ১৮ ডিসেম্বর এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের পর আর মিরপুরের মাঠে আসেননি তিনি।

 

গত বছর ওয়ানডে দলের নেতৃত্ব ছাড়লেও অবসরের ঘোষণা দেননি মাশরাফি। তবে তাকে এরপর আর দেখা যায়নি জাতীয় দলের কোনো ওয়ানডেতেও। ফিটনেসে সমস্যা থাকায় খেলেননি ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টির আসরেও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *