অন্তু দাস হৃদয়, স্টাফ রিপোর্টার- বাংলাদেশে কোন নিরপেক্ষ সরকার হবেনা। কোন তত্বাবধায়ক সরকার হবেনা। বাংলাদেশে হবে সাংবিধানিক সরকার। সংবিধানের আলোকে আগামী দিনের নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক।
আজ শনিবার দুপুরে টাঙ্গাইল সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি। এ সময় মন্ত্রী বলেন, নির্বাচনের দায়িত্ব পালন করবে নির্বাচন কমিশন। যে নির্বাচন কমিশনের উপর সরকার বা কারো কোন নিয়ন্ত্রন থাকবেনা।
তিনি বলেন, নির্বাচনের এখনো আড়াই বছর বাকি রয়েছে। এই নির্বাচনকে কেন্দ্র করে আবারো বিএনপি আন্দোলনের হুমকি দিচ্ছে। ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত তাদের দুঃশাসন, অপশাসন, সন্ত্রাস ও অর্থনীতিকে ধ্বংস করার কারনে তাদের পায়ের নিচে থেকে মাটি সরে গেছে। তারা আন্দোলনের ডাক দিলে জনগন সারা দেয়না।
চন্দ্রিমা উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লাশের ব্যাপারে ড. আব্দুর রাজ্জাক বলেন, এটি নিয়ে বিরাট ভুল বুঝাবুঝি রয়েছে। সত্য উদঘাটন হচ্ছে। আশা করি হয়ে যাবে।
এরপর তিনি শহরের শহীদ স্মৃতি পৌরউদ্যানে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সবুর খান বীর বিক্রমের স্মরনসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন।
জেলা শ্রমিক ফেডারেশনর সভাপতি মোঃ বালা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাবেক মন্ত্রী শাজাহান খান, জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলূর রহমান খান ফারুক, সংসদ সদস্য এডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের, ছানোয়ার হোসেন ও তানভীর হাসান ছোট মনির প্রমুখ।
