স্পোর্টস আপডেট ডেস্ক- টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে আপাতত বিশ্রামে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। টানা কয়েকটি সিরিজ খেলার ধকল কাটিয়ে উঠতেই মূলত দলগত অনুশীলন থেকে ছুটি দেয়া হয়েছে ক্রিকেটারদের। তবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চলছে ব্যক্তিগত পর্যায়ের অনুশীলন।
এর মাঝেই পবিত্র ওমরাহ পালন করতে গেলেন টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে থাকা পাঁচজনসহ বাংলাদেশের মোট ৭ ক্রিকেটার। আজ বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটের ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশে দেশ ছেড়েছেন তারা।
বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির লজিস্টিক ম্যানেজার ওয়াসিম খান।
ওমরা করতে যাওয়া বিশ্বকাপ স্কোয়াডের ক্রিকেটাররা হলেন- তাসকিন আহমেদ, নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, মোহাম্মদ নাঈম শেখ ও মোহাম্মদ সাইফউদ্দিন। ওমরাহ শেষে আগামী ২১ তারিখ ফেরার টিকিট নিশ্চিত করে দেশ ছেড়েছেন তারা।
এই পাঁচ ক্রিকেটারের বাইরে তাদের সঙ্গে আরও দুই ক্রিকেটার ওমরাহ করতে যাবেন। তারা হলেন- তাইজুল ইসলাম ও উইকেটরক্ষক ব্যাটসম্যান জাকির হাসান। এই ৭ ক্রিকেটারের সঙ্গী হবেন পেসার তাসকিন আহমেদের বাবা আব্দুর রশিদ।
এরপর দেশে ফিরে পরিবারের সঙ্গে কিছুদিন সময় কাটানোর সুযোগ পাবেন বিশ্বকাপে ডাক পাওয়া ক্রিকেটাররা। ছুটি শেষ হলে বিশ্বকাপের প্রস্তুতিতে নেমে পড়তে হবে। যদিও দেশে আনুষ্ঠানিক অনুশীলনের সূচি রাখেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ৪ অক্টোবর ওমানে গিয়ে সেখানে কন্ডিশনিং ক্যাম্প করবেন সাকিব আল হাসান-মাহমুদউল্লাহ রিয়াদরা।
