দ্বিতীয় বিয়ে করে সবার কাছে দোয়া চাইলেন চিত্রনায়িকা মাহি

বিনোদন ডেস্ক- বেশ ক’দিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিলো, আবারও বিয়ে করছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি! যদিও এ বিষয়ে বরাবরই নিরব ছিলেন এই নায়িকা! মন্তব্য করেননি কোনো। অবশেষে নিজেই দিলেন বিয়ের খবর! পাত্র গাজীপুরের তরুণ রাজনীতিক ও ব্যবসায়ী রাকিব সরকার।

 

রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নববধূর সাজে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করে মাহি জানালেন, ‘আলহামদুলিল্লাহ! আজ (১৩ সেপ্টেম্বর) ১২টা ৫ মিনিটে আমাদের বিবাহ সম্পন্ন হলো।’

 

মাহি বলেন, ‘এর আগের সব কথা আসলেই গুজব ছিলো। সবাই আমাদের জন্য দোয়া করবেন এটাই একমাত্র চাওয়া।’

 

গত মে মাসে সিলেটের পারভেজ মাহমুদ অপুর সঙ্গে নিজের বিচ্ছেদের কথা জানিয়েছিলেন মাহি। জুন মাসের এক রাতে হঠাৎ করেই মাহি ফেসবুকে লেখেন, ‘ওয়েল, আই ক্যান ফিল ইউ ইন সংস, মুভিজ অ্যান্ড এভরিহয়ার, আলহামদুলিল্লাহ!’ (ভালো! গান, সিনেমা, সর্বত্রই আমি তোমাকে অনুভব করতে পারি, আলহামদুলিল্লাহ)।’

 

তখনই নতুন প্রেমের গুঞ্জন চারদিকে চাউর হয়। সেদিন মেহেদিতে রাঙানো ছিল মাহির হাত। আর পরনে ছিল গোলাপি রঙের একটি শাড়ি। তার পাশেই পাঞ্জাবি পরে ছিলেন গাজীপুরের রাকিব।

 

এরপরই মাহির ফেসবুক স্ট্যাটাসগুলো আরও রোমান্টিক হয়ে ওঠে। ১৪ জুন লেখেন, ‘মিসিং ইউ।’ ১৮ জুন, ‘আমি সারা দুনিয়া ঘুরিয়া দেখি, সুখ তো আমার ব্যালকনিতেই ছিল।’ এরপরই লেখেন, ‘একজন কেউ থাকুক যে তোমাকে ছাড়বে না।’

 

পরের মাসে ফেসবুকে লেখেন, ‘আমি ১২ বছরের সম্পর্ক ভেঙে যেতে দেখেছি, আবার ১২ দিনের সম্পর্ক আজীবন টিকে যেতেও দেখেছি।’

 

এখানেই শেষ নয়। জুন মাসের শেষ সপ্তাহে মাহি ফেসবুকে তিনবার লেখেন, ‌‘আলহামদুল্লিলাহ’। আগস্ট মাসের ৬ তারিখে আবারও একইভাবে লেখেন, ‘আলহামদুল্লিলাহ’। এরপর গত ১৯ আগস্ট তিনি যান ঢাকার বাইরে কোনও এক সৈকতে। ধারণা করা হয়েছে সেটা হানিমুন ছিলো। পরের চার-পাঁচ দিন শুধু নিজের একার ছবি পোস্ট করেন মাহি। তবে শেষের দিকে ২৫ আগস্ট দুই পরিবারের সদস্যদের সঙ্গে তার ছবি পাওয়া যায়।

 

তবে এসব গুঞ্জন ছাপিয়ে সোমবার মধ্যরাতে বিয়ের বিষয়ে স্পষ্ট তথ্য প্রকাশ করেন মাহি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *