নজর২৪ ডেস্ক- নারায়ণগঞ্জের ফতুল্লার তল্লায় বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত বাইতুস সালাত জামে মসজিদ ভবনটি নিলামে তোলা হচ্ছে। ক্ষতিগ্রস্ত ভবনটির সংস্কার সম্ভব নয় বলে এটি ভাঙতে নিলাম ডাকা হয়েছে, জানিয়েছে মসজিদ কমিটি।
কমিটির সভাপতি আব্দুল গফুর মিয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে মঙ্গলবার (০৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এ তথ্য জানানো হয়েছে।
তাতে বলা হয়েছে, ক্ষতিগ্রস্ত ভবনটি ভেঙে সেখানে নতুন করে মসজিদ নির্মাণ করা হবে। এ জন্য ভবন ভাঙতে নিলাম ডাকা হয়েছে। কমিটির সদস্যদের উপস্থিতিতে আগামী শনিবার বেলা ৩টায় ওই ভবনের সামনেই নিলাম হবে।
আব্দুল গফুর জানান, নিলামে যিনি ভবনটি কিনবেন, তাকে সাত দিনের মধ্যে সম্পূর্ণ মূল্য বাইতুস সালাত জামে মসজিদের ব্যাংক অ্যাকাউন্টে জমা দিতে হবে। এক মাসের মধ্যে ভবনটি ভেঙে জায়গা অবমুক্ত করতে হবে।
প্রসঙ্গত, ২০২০ সালের ৪ সেপ্টেম্বর ফতুল্লার পশ্চিমতল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে জমে থাকা গ্যাস থেকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। আর এই ঘটনায় দগ্ধ অবস্থায় ৩৭ জনকে জাতীয় শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এদের মধ্যে একে একে ৩৪ জন মারা গেছেন। আর এই ঘটনার পর থেকেই মসজিদ ব্যবহারসহ সকল নামাজ আদায় বন্ধ ছিল।
এ ঘটনায় ফায়ার সার্ভিস, জেলা প্রশাসন, তিতাস গ্যাস, ডিপিডিসি, সিটি করপোরেশন পৃথক পাঁচটি তদন্ত কমিটি গঠন করে। বিস্ফোরণের ওই ঘটনায় ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবির বাদী হয়ে তিতাস গ্যাস, ডিপিডিসি, মসজিদ কমিটিসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে মামলা করেন।
মসজিদে বিস্ফোরণে হতাহতের ঘটনায় গত বছরের ৩১ ডিসেম্বর মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আবদুর গফুরসহ ২৯ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে মামলার তদন্তকারী সংস্থা সিআইডি। অভিযুক্ত তিতাস গ্যাসের আট কর্মকর্তা-কর্মচারীর নামে সম্পূরক অভিযোগপত্র দাখিলের জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছেন আদালত।
