বিনোদন প্রতিবেদক, নজর২৪- ঢাকাই ছবির জনপ্রিয় অভিনেত্রী পরীমনির জন্য ন্যায়বিচারের দাবিতে ২২ আগস্ট শাহবাগে দাঁড়িয়েছিলেন তরুণ নির্মাতা রানা বর্তমান। পরীমনির পক্ষে প্রথম যারা আওয়াজ তুলেন রানা বর্তমান তাদের মধ্যে একজন। নির্মাতাদের মধ্যে তিনি ফেসবুকে প্রথম স্ট্যাটাস দিয়ে সাধারণ দর্শক ও শিল্পীদের পরীমনির পক্ষে থাকার অনুরোধ করেন।
২৭ দিন কারাভোগের পর বুধবার (১ সেপ্টেম্বর) জামিনে মুক্তি পেয়েছেন পরীমণি। এ খবরে তার শুভাকাঙ্খীদের মনে খুশির জোয়ার। তিনি নিজেও উচ্ছ্বসিত। বর্তমানে বনানীর বাসায় রয়েছেন তিনি।
এখনও আনুষ্ঠানিকভাবে মিডিয়ার সঙ্গে কথা বলেননি। তবে বিভিন্ন গণমাধ্যমে গত এক মাসে ঘটে নানা বিষয় নিয়ে স্বল্প পরিসরে কথা বলেছেন নায়িকা। শিগগিরই বিস্তারিত জানাবেন বলে নিশ্চিত করেছেন তিনি।
এদিকে কারাগারে থাকাকালীন পরীমনি পক্ষে সোচ্চার থাকলেও মুক্তি পাওয়ার পর বাড়তি উচ্ছ্বাস নেই নির্মাতা রানা বর্তমানের। বিষয়টি নিয়ে তিনি জানালেন, পরীমনি এখন জামিনে মুক্ত হয়েছেন তারপক্ষে অসংখ্য মানুষ কথা বলছে, উপদেশ দিচ্ছে। দেখলাম আমার মত লোকের আপাতত আর প্রতিবাদ করা, আওয়াজ তোলার দরকার পড়ছে না, তাই দিচ্ছিনা। যদি সে আবার বিপদে পরে তাহলে চিন্তা করবো। তবে শুধু সে নয়, অন্য কেউ হলেও নিজেকে সোপে দিবো।
তিনি বলেন, আমি একজন নির্মাতা, মিডিয়া কর্মী। আর একজন মিডিয়া কর্মী হিসেবে শিল্পীর বিপদে আমার পাশে দাড়ানো উচিৎ ছিল তাই তার পক্ষে কথা বলেছি, প্রতিবাদ করেছি, এমনকি রাজপথেও নেমেছি।
রানা বর্তমান বলেন, অনেকে বলে মিডিয়া স্বার্থপরের জায়গা আর এটা আমিই আমাকে দিয়ে ভুল প্রমাণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মিডিয়া বন্ধুত্বের জায়গা, মিডিয়া সহযোগীতার জায়গা, মিডিয়া খোলা মনের জায়গা।
তিনি বলেন, চিত্রনায়িকা পরী এখন দেখছি ভুল পথে যাচ্ছে, তাকে যতটা বুদ্ধিমতি মনে করেছি ততটা সে নয়। সে জামিন পাওয়ার পর বোকার পরিচয় দিয়েছেন।
রানা বর্তমান বলেন, পরীর আরো সচেতন হতে হবে, আরো বুদ্ধি খাটিয়ে মামলাটা সম্পন্ন করতে হবে। মামলাটা শেষ না করে অতিরিক্ত কিছু করা বা বলাটা ঠিক হবেনা। কেননা সে জামিনে আছেন এখন। চার্জশিট দেওয়ার পরে আবারও তাকে কারাগারে যেতে হতে পারে। তাই এগুলো সুন্দর বুদ্ধি দিয়ে সমাধান করতে হবে।
উল্লেখ্য, পরীমনি গত ৪ আগস্ট র্যাবের অভিযানে মাদক মামলায় গ্রেফতার হন। দীর্ঘ ২৭ দিন পরে গত ১ সেপ্টেম্বর তিনি কারামুক্ত হন। জামিন পেলেও মামলা চলমান রয়েছে, তবে শুটিং এ ফিরতে নেই কোন আইনি জটিলতা।
