নজর২৪, ঢাকা- বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দলের নেতা কর্মীদের হতাশ না হয়ে মনোবল ধরে রাখার উপদেশ দিয়েছেন বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
জাতীয় প্রেস ক্লাবে শনিবার (০৪ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় পার্টির (কাজী জাফর) প্রতিষ্ঠাতা কাজী জাফর আহমদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা জানান।
বক্তব্যে সরকারের সমালোচনা করার পাশাপাশি নিজেদের ব্যর্থতার কথাও তুলে ধরেন মির্জা ফখরুল। বলেন, ‘কেউ এসে আমাদের গণতন্ত্র, স্বাধীনতা ও ভোটাধিকার ফিরিয়ে দেবে না। গণতন্ত্রের মা দেশনেত্রী খালেদা জিয়াকে আমরা আজও মুক্ত করতে পারিনি। এটা আমাদের ব্যর্থতা। কারণ, ক্ষমতায় আছে দানবীয় সরকার। আমরা চেষ্টা করেছিলাম ২০ দলীয় জোট ও জাতীয় ঐক্যজোটের সমন্বয়ে দেশে পরিবর্তন আনার, কিন্তু রাতের আঁধারে ভোট ডাকাতি করে আমাদের সে চেষ্টা সরকার ভুলণ্ঠিত করে দেয়।
‘তাই বলে কী আমরা বসে থাকব। গণতন্ত্র, মানুষ ও দেশ বাঁচাতে দেশের তরুণ সমাজকে উদ্বুদ্ধ করতে হবে। আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এদেশের মানুষ কখনও পরাজিত হয় না। দেশনেত্রী খালেদা জিয়া বলেছেন-হতাশ হবে না, মনে সাহস রাখবে। জয় আসবেই।’
মির্জা ফখরুল বলেন, ‘১৯৬৬, ৬৯ ও ৭১ আর ২০২১ সাল এক নয়। নতুন বিশ্বকে আমাদের বুঝতে হবে। শাসকগোষ্ঠী পাল্টিয়েছে। ধরন পাল্টিয়েছে। একটি গণতান্ত্রিক দলের পক্ষে অস্ত্র নিয়ে যুদ্ধ করা সম্ভব নয়। সকলের মাঝে আজ হতাশা বিরাজ করছে, কেন? আওয়ামী লীগ ২১ বছর পর ক্ষমতায় এসেছে। এরশাদকেও নয় বছর শাসন করার পর বিদায় নিতে হয়েছে। এই বর্তমান বাকশালি শাসকগোষ্ঠীকেও বিদায় নিতে হবে। তবে একটু অপেক্ষা করতে হবে।’
বিএনপির মহাসচিব বলেন, মানুষের দৃষ্টি ভিন্ন দিকে নিতে আওয়ামী লীগ বিভিন্ন ইস্যু তৈরি করছে। এজন্য তারা জিয়াউর রহমানের কবর নিয়ে কথা বলছেন। কোভিড টিকা সংগ্রহে সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে।
বিএনপিকে রাজপথে নামার আহ্বান জানিয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘আমি আপনাদেরকে রাস্তায় দেখতে চাই। বিএনপিকে বলব, রাস্তায় নামেন।’
জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে আলোচনা সভায় এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, জাগপার সভাপতি খোন্দকার লুতফর রহমান, জাতীয় পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব আহসান হাবিব লিংকন প্রমুখ বক্তব্য রাখেন।
