পরীমণিকে নিয়ে নতুন করে ভাবছে শিল্পী সমিতি

নজর২৪ ডেস্ক- কারাবাসের পর অবশেষে জামিনে মুক্তি পেয়েছেন মাদক মামলায় গ্রেপ্তার হওয়া ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনি।

 

তবে এ নায়িকা গ্রেপ্তারের পরদিনই চলচ্চিত্র শিল্পী সমিতি তার সদস্যপদ স্থগিত করে। সংবাদ সম্মেলন করে এমন সিদ্ধান্তের কথা জানান সমিতির সভাপতি মিশা সওদাগর। কিন্তু পরীর মুক্তির পর নতুন করে ভাবছে শিল্পী সমিতি।

 

শিগগিরই বিষয়টি নিয়ে সমিতি সাংগঠনিকভাবে সিদ্ধান্ত নেবে বলে জানা গেছে। যদিও এ চিত্রনায়িকা মুক্তির দিন কারাফটকে তার সঙ্গে দেখা করতে যাননি চলচ্চিত্র অঙ্গনের কেউই। এমনকি দুদিন পার হলেও কেউ তার খোঁজ নেয়নি বলে জানা গেছে। তবে পরীর মুক্তিতে সন্তুষ্ট অনেক শিল্পীই।

 

শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, ‘আমার মা হাসপাতালে ভর্তি, তাই ইচ্ছা থাকলেও যেতে পারিনি। সভাপতি মিশা ভাই ঢাকার বাইরে শুটিং করছেন। তবে পরীমনি কারাগার থেকে মুক্তি পাওয়ায় একজন শিল্পী হিসেবে আমি স্বস্তি প্রকাশ করছি। সংগঠনের কেউ যাওয়াটাই কি সব কিছু? এটা বড় কথা নয়। আমরা তার পাশে আছি।’

 

এদিকে জামিনে মুক্ত হওয়ার পর পরীমনির সাময়িক স্থগিত থাকা শিল্পী সমিতির সদস্যপদের কী হবে, জানতে চাওয়া হয়েছিল সভাপতি মিশা সওদাগরের কাছে।

 

তিনি বলেন, ‘আমরা কার্যনির্বাহী কমিটি যেভাবে সভা করে পরীমনির সদস্যপদ সাময়িক স্থগিত করেছিলাম, একইভাবে কার্যনির্বাহী কমিটি সভা করে পরবর্তী সিদ্ধান্ত নেবে।’

 

তিনি আরও বলেন, ‘আমরা সমিতির পক্ষ থেকে তাকে আত্মপক্ষ সমর্থন করার জন্য একটি চিঠি দিয়েছিলাম। সে চিঠির উত্তর পাইনি। তবে ওসব চিঠি ব্যাপার না, তিনি ভালোভাবে ফিরে আসুক এটাই আমাদের চাওয়া। তাছাড়া আমরা সেই সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিলাম, তার শুটিং করতে কোনো বাধা নেই।’

 

ব্যক্তি মিশা সওদাগর পরীমনিকে ওয়েলকাম জানিয়েছেন। তিনি বলেন, ‘এটা তো গেল সমিতির কথা। ব্যক্তিগতভাবে আমি পরীমনিকে স্বাগত জানাই, তার সুস্থতা কামন করি।’

 

কার্যনির্বাহী কমিটির সভা কবে হবে তা জানাতে পারেননি মিশা সওদাগর। তিনি বলেন, ‘জলদি এ সিদ্ধান্ত নেয়া হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *