স্পোর্টস আপডেট ডেস্ক- প্রিমিয়ার লিগের ছয় ক্লাব খেলোয়াড় ছাড়তে রাজি হয়নি। তাই মূল একাদশের বেশ কয়েকজন খেলোয়াড়কে স্কোয়াডেই পায়নি ব্রাজিল!
অথচ বিশ্বকাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে যেতে হয়েছে চিলির মাঠে। কিন্তু কোনও সমস্যাই বাধা হয়ে দাঁড়াতে পারেনি সেলেসাওদের সামনে। লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে ছুটে চলেছে তাদের জয়রথ। পেয়েছে টানা সপ্তম জয়।
শুক্রবার চিলির মাঠে আতিথ্য নিয়েছিল ব্রাজিল। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে নেইমাররা পেয়েছে ১-০ গোলের জয়। ম্যাচের একমাত্র গোলটি করেছেন এভারতন রিবেইরো। এই জয়ে কাতার বিশ্বকাপ বাছাইয়ে শতভাগ জয়ের রেকর্ড ধরে রাখলো ব্রাজিল। ৭ ম্যাচের সবকটি জিতে পূর্ণ ২১ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান সুসংহত করলো তারা।
চিলির মাঠে খেলতে নেমে দুর্দান্ত শুরু করে ব্রাজিল। প্রতিপক্ষের বিপক্ষে একের পর এক আক্রমণে যায় সেলেকাওরা।
২৮তম মিনিটে সহজ একটি সুযোগ পেয়েও হাতছাড়া করেন নেইমার। ফাঁকায় আক্রমনে গিয়ে সামনে কেবল গোলরক্ষক থাকলেও তাকে পরাস্ত করতে পারেননি পিএসজির এ ফরোয়ার্ড।
এরপর চিলি কয়েকটি আক্রমণে গেলেও ব্রাজিলিয়ান গোলরক্ষক তা ঠেকিয়ে দেন। বিরতির পর খেলতে নেমে প্রধমার্ধের মতোই খেলতে শুরু করে দু’দল।
কেবল আক্রমণ আর পাল্টা-আক্রমণ। এর মধ্যেই ৬৪তম মিনিটে গোল করে ব্রাজিলকে এগিয়ে নিয়ে যান রিবেইরো। নেইমারের শট গোলরক্ষক ব্রাভো ফিরিয়ে দেওয়ার পর ফিরতি শটে জাল খুঁজে নেন তিনি। সমতায় ফিরতে মরিয়া স্বাগতিকরা কয়েকবার সুযোগ পেলেও দেয়াল হয়ে দাঁড়িয়ে ছিলেন ব্রাজিলিয়ান গোলরক্ষক ওয়েভারতন। শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে সেলেকাওরা।
বিশ্বকাপ বাছাইয়ে সাত ম্যাচে টানা সাত জয়ে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ব্রাজিল। একই দিনের অন্য ম্যাচে ভেনেজুয়েলাকে ৩-১ গোলে হারানো আর্জেন্টিনা ১৫ পয়েন্ট নিয়ে আছে দুই নম্বরে।
