বিনোদন ডেস্ক- বুধবার (১ সেপ্টেম্বর) সকালে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে মুক্তি পেয়েছেন মাদক মামলায় গ্রেফতার ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি। এদিন সকাল ৯টা ৩৬ মিনিটে সাদা রঙের একটি গাড়িতে করে কারাগার থেকে বের হয়ে আসেন তিনি।
গত কয়েকদিন ধরেই পরীমনির মুক্তির দাবিতে সোচ্ছার ছিলেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। অবশেষে নায়িকার মুক্তিতে তাদের অনেকে সন্তুষ্টি প্রকাশ করেছেন।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক চিত্রনায়ক জায়েদ খান জামিনে পরীমনির মুক্তি প্রসঙ্গে বলেছেন, ‘আমরা আগে থেকেই বলেছি, কোথাও কি আমরা জামিনের বিরোধিতা করেছি, কেউ বলতে পারবে? আমরা যেটা করেছিলাম, গঠনতন্ত্র-সংবিধান রক্ষার জন্য… শুধু ও কেন, কারও প্রতি তো আমাদের কোনো রাগ নেই…। আমরা আমাদের সাংগঠনিক কাজ করেছিলাম। ও মুক্তি পেয়েছে, আমরা সন্তুষ্টি প্রকাশ করছি এবং আমরা খুশি। শিল্পীর পাশে আমরা…।’
পরীমনির পাশে থাকার কথা বললেও সংগঠনের কাউকে আজ কারাফটকে দেখা যায়নি। এ বিষয়ে জায়েদ খান গণমাধ্যমকে বলেন, ‘সংগঠনের কারো যাওয়াটাই কি সবকিছু? যাওয়াটাই বড় কথা নয়। আমরা তার পাশে আছি, সে আসুক। রায়ে সন্তুষ্ট প্রকাশ করছি। খুশি হয়েছি আমরা শিল্পীরা।’
এর আগে গ্রেফতারের পর পরীমনির সদস্যপদ সাময়িক স্থগিত করেছিল শিল্পী সমিতি। এ বিষয়ে সমিতির সাধারণ সম্পাদক বলেন, সমিতি আগের সিদ্ধান্তেই আছে। আইনি বিচার প্রক্রিয়ায় যা হবে…। তার তো কাজে বাধা নেই। তার কোনো কার্যক্রমে বাধা নেই; তার কোনো কিছুতেই বাধা নেই। সংগঠন আবার মিটিং করে পরীর ব্যাপারে সিদ্ধান্ত জানাবে।’
উল্লেখ্য, মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কেএম ইমরুল কায়েশ শুনানি শেষে ৫০ হাজার টাকা মুচলেকায় পরীমণির জামিন আদেশ দেন। তিন কারণ বিবেচনায় পরীমণিকে জামিন দেওয়া হয়েছে। যেহেতু পরীমণি একজন চিত্রনায়িকা এবং একজন নারী। তাছাড়া সরকারি অনুদানপ্রাপ্ত প্রীতিলতা নামক একটি চলচ্চিত্রে তার অভিনয়ের শিডিউল চলছে। এসব বিষয় বিবেচনায় তদন্ত প্রতিবেদন (চার্জশিট) দাখিল পর্যন্ত জামিনের আদেশ দেন আদালত।
গত ৪ আগস্ট রাতে প্রায় চার ঘণ্টার অভিযান শেষে বনানীর বাসা থেকে পরীমণি ও তার সহযোগী দীপুকে আটক করে র্যাব। এ সময় পরীমণির বাসায় বিভিন্ন মাদক পাওয়া গেছে বলে জানায় র্যাব। ৫ আগস্ট র্যাব-১ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরীমণি ও তার সহযোগীর বিরুদ্ধে বনানী থানায় মামলা করে।





