নজর২৪, ঢাকা- ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিক্ষোভ মিছিলে ‘বাইক হামলা’র পরিণাম ছাত্রলীগকে ভোগ করতে হবে বলে জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব।
রোববার (২৯ আগস্ট) দুপুরে বিক্ষোভ মিছিলে হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে ছাত্রদলের সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সংবাদ সম্মেলনে ঢাবি ছাত্রদলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল ও সহ-সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান রনিকে গ্রেফতারের প্রতিবাদে ও তাদের মুক্তির দাবিতে পূর্বঘোষিত কর্মসূচি পালনকালে বিএনসিসির সামনে এলে ছাত্রলীগের নেতাকর্মীরা বাইক শোডাউন দিয়ে, দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে আমাদের ১৯ নেতাকর্মী গুরুতরসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। আমরা এ হামলার তীব্র নিন্দা ও বিচার দাবি করছি।’
‘ওবায়দুল কাদেরের উসকানিতে এ হামলা’ উল্লেখ করে রাকিব বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গত পরশু ছাত্রলীগের প্রোগ্রামে আমাদের ওপর ইঙ্গিত করে বলেছেন যে, আমরা নাকি ক্যাম্পাস অস্থিতিশীল করতে চাই। আমরা মনে করি, এটার অংশ হিসেবে আজ আমাদের ওপর হামলা করা হয়েছে।
হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রদলকে বিতাড়িত করার গভীর চক্রান্তের অংশ হিসেবে বারবার আমাদের ওপর হামলা চালাচ্ছে ছাত্রলীগ। ছাত্রলীগ চায় ছাত্রদল যেন ক্যাম্পাসে না থাকতে পারে। আমরাও হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, এই দিন দিন নয়, আরও দিন আছে। আপনারাও বিরোধী দলে আসবেন এটা মাথায় রাখবেন। এসব হামলার জবাব আপনারা পাবেন। আপনাদের এসব হামলার পরিণাম অবশ্যই ভোগ করতে হবে।’
