আবার আন্দোলনে নামার ইঙ্গিত মির্জা ফখরুলের

নজর২৪, ঢাকা- বিএনপি আবার আন্দোলনে নামতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

তিনি বলেন, ‘আমাদের কোনো বিকল্প নেই এখন রাস্তায় নেমে আসা ছাড়া। এটা কেবল মাত্র রাজনৈতিক দল বিএনপি নয় এবং শুধু মাত্র বিরোধী দলগুলো নয় সবাইকেই নেমে আসতে আসতে হবে।’

 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সদ্য প্রয়াত সাবেক উপাচার্য অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমানের স্মরণে রোববার (২৯ আগস্ট) জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ‘শত নাগরিক’ জাতীয় কমিটি আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

 

মির্জা ফখরুল বলেন, দেশে একটা দানবীয় শক্তির উত্থান ঘটেছে। ওরা আমাদের সব কিছু তছনছ করে দিচ্ছে। দেশকে তারা মনুষ্য বসবাসে অযোগ্য করে তুলেছে। আজকে সত্যিকার অর্থেই একটা ফ্যাসিবাদী রাষ্ট্র তৈরি করেছে তারা; যার মূল লক্ষ্য হচ্ছে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা।

 

বলেন, আমাদের ভবিষ্যত বংশধরকে যদি আমরা সত্যিকার অর্থেই একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ দিতে চাই তাহলে আমাদের সকলকে জোটবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের কোনো বিকল্প নেই এখন রাস্তায় নেমে আসা ছাড়া।

 

মির্জা ফখরুল বলেন, আজ যারা এখানে আছেন সুধীজন, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, সংবাদসেবী- প্রত্যেকেই আক্রান্ত হচ্ছেন। কেউ বাদ পড়ছেন না। সুতরাং সবাইকে নেমে আসতে হবে।

 

অধ্যাপক আনোয়ারুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে এবং জ্যেষ্ঠ সাংবাদিক আমিরুল ইসলাম কাগজী ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ সম্পাদক শহীদুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আনম এহছানুল হক মিলন, অধ্যাপক মাহবুব উল্লাহ, অধ্যাপক আবদুল লতিফ মাসুম, অধ্যাপক লুৎফর রহমান, অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম, অধ্যাপক শামসুল আলম, অধ্যাপক কামরুল আহসান, সিনিয়র সাংবাদিক এম এ আজিজ, এলাহী নেওয়াজ খান সাজু, মো. বাকের হোসাইন, সৈয়দ আবদাল আহমেদ, ডিইউজে (একাংশ) সভাপতি কাদের গনি চৌধুরী, স্বাধীনতা ফোরাম সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ ও প্রয়াত খন্দকার মুস্তাহিদুর রহমানের ছেলে খন্দকার আশফাকুর রহমান বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *