নজর২৪ ডেস্ক- চাঞ্চল্যকর ও আলোচিত মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার শুনানির সময়, কাঠগড়ায় মোবাইল ফোনে কথা বলেছেন কক্সবাজারের টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশ।
সোমবার (২৩ আগস্ট) কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে মামলার প্রথম দিনের সাক্ষ্যগ্রহণ চলার সময় এই ঘটনা ঘটে। প্রদীপের কথা বলার একটি ছবি গণমাধ্যমের হাতে এসেছে। এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে একাত্তর টিভি।
প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, আদালত কক্ষের কাটগড়ার ভেতরে হাঁটু গেড়ে বসে মোবাইল ফোনে কথা বলছেন বরখাস্ত ওসি প্রদীপ। এ সময় কয়েকজন ব্যক্তি আশপাশে দাঁড়িয়ে ছিলেন।
নাম প্রকাশ না করা শর্তে একজন প্রত্যক্ষদর্শী জানান, মোবাইল ফোনে একের পর এক কল করে কথা বলেছেন, সিনহা হত্যা মামলার এই আসামি। পরনে ছিলো কালো পোলো শার্ট।
খবর নিয়ে জানা গেছে, বরাখাস্ত ওসি প্রদীপকে মোবাইল ফোনটি সরবরাহ করেছিলেন সেখানেই দায়িত্বরত এক পুলিশ কনস্টেবল।
বিচার বিভাগীয় বাতায়নে দেওয়া আদালতের আচরণবিধিতে বলা হয়েছে, আদালত চলাকালীন সময়ে মোবাইল ফোন বন্ধ রাখতে হবে। অর্থাৎ, মোবাইল ফোন ব্যবহার করা যাবে না।
এদিকে, আদালতের বাইরে সাংবাদিকদের ছবি তুলতে দেখে বিরক্তি নিয়ে বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশ বলেন, আমাকে নতুন করে চেনানোর দরকার নেই।
মঙ্গলবার (২৪ আগস্ট) মামলার সাক্ষগ্রহণের দ্বিতীয় দিন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন।
কে বা কারা তার হাতে মোবাইল ফোনটি দিলেন, এ বিষয়ে কিছুই জানা যায়নি। কাঠগড়ায় কীভাবে মোবাইল ফোন পেলেন প্রদীপ কুমার দাস— জানতে চাইলে কক্সবাজার আদালত পুলিশের পরিদর্শক চন্দন কুমার সরকার গণমাধ্যমকে বলেন, ‘এটা আমার জানা নাই। এটা সঠিক না। এরকম কোনো সুযোগ নাই।’
