রবিউল ইসলাম রুবেল, বিনোদন প্রতিবেদক- বাংলা সিনেমায় বর্তমান সময়ের দুজন জনপ্রিয় অভিনয় শিল্পী চিত্রনায়ক ইমন ও চিত্রনায়িকা আইরিন। অভিনয়ের কারণেই দর্শকনন্দিত দুজনই। হাতেও রয়েছে একাধিক ছবির কাজ। সম্প্রতি এই জুটি ‘দ্য পেপার’ নামের একটি ছবিতে। ছবিটি পরিচালনা করবেন নির্মাতা জুলফিকার জাহেদী।
সব কিছু ঠিক থাকলে ছবিটির শুটিং শুরু হচ্ছে আগামী ১৪ সেপ্টেম্বর থেকে। একজন লেখকের দর্শন নিয়েই ছবিটির গল্প তৈরি করা হয়েছে। ইমন এতে লেখকের চরিত্রে অভিনয় করবেন। পাশাপাশি আইরিনকেও গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে। ছবির গল্পের এক পর্যায়ে ইমন-আইরিনের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হবে। এভাবে গল্প এগিয়ে যাবে।
এ ব্যাপারে ইমন বলেন, আমি সবসময় বৈচিত্র্যপূর্ণ গল্পে অভিনয়ের চেষ্টা করি। এটিও তেমনই একটি ছবি। এখন এতে অভিনয়ের প্রস্তুতি নিচ্ছি। আশা করছি ছবিটি উপভোগ করবে দর্শক।
এই ছবিতে অভিনয় প্রসঙ্গে আইরিন বলেন, গল্প প্রধান এই ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার পর থেকেই আগ্রহ নিয়ে অপেক্ষায় আছি। কারণ একেবারেই ভিন্ন ঘরানার ছবি এটি। আশা করছি এটি আমার অভিনয় ক্যারিয়ারের অন্যতম একটি ছবি হিসেবেই বিবেচিত হবে। দর্শক এক ভিন্ন গল্পে আমাদের দেখবে।
শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মীসহ অনেক গুনী অভিনেতা-অভিনেত্রী কাজ করবেন বলে জানা গেছে।
