নজর২৪, ঢাকা- মাদক মামলার পর এবার গৃহকর্মী নির্যাতনের মামলায়ও জামিন পেয়েছেন চিত্রনায়িকা একা। রোববার ঢাকা মহানগর হাকিম মামুনুর রশীদের আদালত তার জামিন মঞ্জুর করেন।
এর আগে ১০ আগস্ট মাদকদ্রব্য আইনে করা মামলায় জামিন পান একা। দুটি মামলাতেই জামিনের ফলে তার মুক্তিতে আর বাধা রইল না।
৩১ জুলাই একার বিরুদ্ধে হাতিরঝিল থানায় দুটি মামলা হয়। নির্যাতনের অভিযোগে তার গৃহকর্মী বাদী হয়ে একটি মামলা করেন। অপর মামলাটি একার বাসায় মাদক পাওয়ার অভিযোগে পুলিশ বাদী হয়ে করে।
এরপর গত ১ আগস্ট একাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। হাতিরঝিল থানায় করা মারধর ও মাদকদ্রব্য আইনে করা পৃথক দুই মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে তিনদিন করে ছয়দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। অন্যদিকে তার আইনজীবী জামিন আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিম রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে চিত্রনায়িকা একাকে আটক করে হাতিরঝিল থানা পুলিশ। এ সময় তার বাসা থেকে পাঁচ পিস ইয়াবা, ৫০ গ্রাম গাঁজা এবং অর্ধেক বোতল কেরু মদ জব্দ করা হয়।
