আবাসিক হোটেলে মাদকসহ দুই পুলিশ আটক

নজর২৪, যশোর- যশোরের একটি আবাসিক হোটেল থেকে মুজাহিদ (২৭) ও আজম মোল্যা (৩০) নামে পুলিশের দুই কনস্টেবলকে আটক করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে।

 

একই সঙ্গে তাদের কাছ থেকে দুই বোতল ফেনসিডিল ও ১০ পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবা সেবনের জন্য বিশেষভাবে তৈরি চারটি পাইপ লাইটার উদ্ধার করা হয়েছে।

 

শনিবার (২২ আগস্ট) সন্ধ্যায় যশোর শহরের মোমিননগর সমবায় সমিতি ভবনের ওপরে যশোর আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয়।

 

গ্রেফতার আজম মোল্যা (৩০) যশোরের চাঁচাড়া ফাঁড়িতে কর্মরত। তিনি বাগেরহাট সদর উপজেলার জয়গাছি গ্রামের মৃত আব্দুল জব্বার মোল্যার ছেলে। মুজাহিদ (২৭) ঢাকা মেট্টোপলিটন পুলিশে কর্মরত ছিলেন। তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার কচুয়া পোতা গ্রামের মৃত শফিকুল ইসলামের ছেলে।

 

বিষয়টি নিশ্চিত করে যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, পুলিশ কনস্টেবল মুজাহিদ ও আজম মোল্যা যশোর আবাসিক হোটেলে ফেনসিডিল ও ইয়াবা (মাদক) নিয়ে অবস্থান করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই হোটেলে অভিযান চালালে তারা আটক হন। তারা মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিলেন।

 

এ ঘটনায় শহরের কসবা পুলিশ ফাঁড়ির এসআই খায়রুল আলম একটি মামলা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *