পরীমনি-মাশরুরকে নিয়ে সংবাদ, দুই পত্রিকাকে আইনি নোটিশ

নজর২৪ ডেস্ক- ঢাকাই ছবির আলোচিত নায়িকা পরীমনিকে সাড়ে ৩ কোটি টাকার গাড়ি উপহার দেয়া নিয়ে সিটি ব্যাংক ও ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মাশরুর আরেফিনকে জড়িয়ে অসত্য সংবাদ প্রকাশ করায় দুটি জাতীয় দৈনিকের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

 

পত্রিকা দুইটি হচ্ছে, দৈনিক ইত্তেফাক ও আমাদের সময়। সিটি ব্যাংকের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার কাজী এরশাদুল আলম বৃহস্পতিবার (১৯ আগস্ট) এই আইনি নোটিশ পাঠিয়েছেন। খবর- নিউজবাংলার

 

নোটিশে ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেন, প্রকাশক তারিন হোসেন এবং প্রকাশিত সংবাদের স্টাফ রিপোর্টারকে আসামি করা হয়েছে।

 

গত ৮ আগস্ট ইত্তেফাকে প্রকাশিত ‘পরীমনি ও পিয়াসার সঙ্গে ২১ প্রভাবশালীর সখ্য’ শিরোনামের প্রতিবেদনে সিটি ব্যাংকের এমডি ও চেয়ারম্যানকে জড়িয়ে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রকাশ করায় তাদেরকে আসামি করা হয়েছে।

 

প্রতিবেদনে একটি অডিও রেকর্ডের কথা উল্লেখ করে বলা হয়েছে, ‘সিআইডি কর্মকর্তা বলেন, ওই ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাশরুর আরেফিনের সঙ্গে পরীমনির অডিও রেকর্ডে একটি গাড়ি উপহার দেয়ার কথা রয়েছে।’

 

একই সঙ্গে ওই ব্যাংকের চেয়াম্যান শওকত রুবেলের সঙ্গে পরীমনির গভীর সখ্যের বিষয়টি কথোপকথনে উঠে এসেছে বলে লিগ্যাল নোটিশে উল্লেখ করা হয়েছে।

 

অন্যদিকে একই দিনে আমাদের সময় পত্রিকায় প্রকাশিত ‘পরীমনির সাড়ে ৩ কোটি টাকার গাড়ির উপহারদাতা সিটি ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মাসরুর আরেফিন’ প্রতিবেদনের জন্য পত্রিকাটির সম্পাদক নাসিমা খান মন্টি, প্রকাশক নাইমুল ইসলাম খান এবং স্টাফ রিপোর্টার সাজিয়া আকতারের নামে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

 

আলাদা আলাদা লিগ্যাল নোটিশে বলা হয়েছে, সিটি ব্যাংক ১৯৮৩ সাল থেকে দেশে সুনামের সঙ্গে ব্যাংকিং কার্যক্রম চালিয়ে আসছে। অথচ এই ব্যাংক, ব্যাংকের এমডি ও চেয়ারম্যানকে জড়িয়ে কাল্পনিক, মিথ্যা, বানোয়াট সংবাদ প্রকাশ করে সিটি ব্যাংকের সুনাম ক্ষুণ্ন করা হয়েছে। একইসঙ্গে ব্যাংকটির এমডি ও চেয়ারম্যানের মানহানি করা হয়েছে।

 

এর আগে নায়িকা পরীমণির সঙ্গে সিটি ব্যাংকের এমডি মাশরুর আরেফিনকে জড়িয়ে ভুয়া তথ্য প্রচারের অভিযোগে তথ্য প্রযুক্তি আইনে একটি মামলা করা হয়।

 

শনিবার (১৪ আগস্ট) রাতে সিটি ব্যাংকের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট (হেড অব কোর্ট অপারেশন) গাজী এম শওকত হাসান বাদী হয়ে রাজধানীর গুলশান থানায় এই মামলা দায়ের করেন।

 

রবিবার (১৫ আগস্ট) গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসান সিটি ব্যাংকের মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তদন্ত করে অপপ্রচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

 

এজাহারে বলা হয়েছে, পরস্পর যোগসাজশে অজ্ঞাতনামা আসামিরা সিটি ব্যাংকের পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন ও অন্যান্য কর্মকর্তাদের অনুমতি ছাড়াই পরিচিত তথ্য ব্যবহার করে ফেসবুক, ইউটিউব চ্যানেল ও অন্যান্য ওয়েবসাইটে মিথ্যা ও মানহানিকর তথ্য প্রচার করা হচ্ছে।

 

সিটি ব্যাংকের সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা, ব্যাংকের পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা পরিচালককে সমাজের চোখে হেয় প্রতিপন্ন করাসহ ব্যাংক থেকে অসাধু উপায়ে অর্থ আদায়ের হীন উদ্দেশ্য বাস্তবায়নে মিথ্যা, মানহানিকর তথ্য দিয়ে ভিডিও তৈরি করে অপপ্রচার করা হচ্ছে। যা জনগণের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে।

 

এজাহারে সিটি ব্যাংকের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা পরিচালককে জড়িয়ে প্রচার করা কয়েকটি ভিডিওর লিংক উল্লেখ করা হয়েছে। যেসব ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে অভিযোগ:

 

১. ভাইরাল প্রতিদিন।

২. Nayeem Korea

৩. ইলিয়াস হোসাইন

৪. CarHub BD

৫. ইউটিউব চ্যানেল: Khobor BD

৬. ইউটিউব চ্যানেল: MTIS BD VOICE

৭. ইউটিউব চ্যানেল: TALK WITH SHAWON

৮. ইউটিউব চ্যানেল: STAR NEWS BANGLA

৯. ইউটিউব চ্যানেল: London Bangla-লণ্ডনবাংলা

১০. ইউটিউব চ্যানেল: AROUND NEWS24

১১. ইউটিউব চ্যানেল: Probashi360

১২. ইউটিউব চ্যানেল: Monira Sultana Popy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *