নজর২৪ ডেস্ক- হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির হাফেজ মাওলানা জুনাইদ বাবুনগরী মারা যান বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুরে। তাকে দাফন করার কথা রয়েছে রাতেই।
তবে তার আগেই ভারপ্রাপ্ত আমিরের নাম ঘোষণা করল সংগঠনটি। মুহিবুল্লাহ বাবুনগরীকে সংগঠনের ভারপ্রাপ্ত আমির ঘোষণা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মুহিবুল্লাহ বাবুনগরী নিজেই।
এদিকে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির, হাটহাজারী মাদরাসার শাইখুল হাদীস আল্লামা জুনায়েদ বাবুনগরীর জানাজায় অংশ নিতে ভক্ত, অনুসারী ও ছাত্রদের ঢল নেমেছে।
ব্যাপক লোক সমাগমের কারণে চট্টগ্রাম-খাগড়াছড়ি রোডে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। আশপাশ থেকে হাটহাজারী মাদরাসায় পায়ে হেঁটে আসছেন লোকজন।
আল্লামা জুনায়েদ বাবুনগরীকে শেষ বারের মতো দেখতে হাজির হয়েছেন হাজারও মানুষ। এ সময় প্রিয় শায়েখকে একনজর দেখার জন্য মাদ্রাসা মাঠে দীর্ঘক্ষন লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা যায় অনেককে। অনেকের চোখে পানি, কেউ কেউ হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছেন। যেন এমন একটি ঘটনার জন্য কেউ প্রস্তুত ছিলেন না।
হেফাজতের সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর মোহাম্মদ ইদরিস বলেন, রাত ১১টায় হাটহাজারী মাদরাসা প্রাঙ্গণে বাবুনগরীর জানাজা অনুষ্ঠিত হবে। সব প্রস্তুতি শেষ পর্যায়ে। মানুষ যাতে জানাজায় অংশগ্রহণ করতে পারে তাই মাদরাসার আশপাশে মাইক লাগানো হয়েছে।
