ঝালকাঠিতে খালে ভাসমান অর্ধগলিত মরদেহ উদ্ধার

মো: নজরুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় একটি খাল থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার কৈখালী বাজারসংলগ্ন ভাড়ানী খালে ভাসমান অবস্থায় বৃহস্পতিবার সকালে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।

 

কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় এ তথ্য নিশ্চিত করেন।

 

পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ভাড়ানী খালে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা খবর দেন। খবর পেয়ে থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পরে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে থানায় আনা হয়। নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি।

 

তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি বেলা ১১টার দিকে ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। মৃতদেহের পরিচয়ের জন্য পুলিশ কাজ করছে।

 

এ ঘটনায় কাঠালিয়া থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *