বিনোদন ডেস্ক- ২০ বছর পর রবিবার আফগানিস্তানে যুক্তরাষ্ট্র সমর্থিত সরকারি বাহিনীকে হটিয়ে রাজধানী কাবুল দখল করে নেয় তালেবান যোদ্ধারা। এ খবরে দেশটির নারীদের অবস্থা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন অনেকে।
এ বিষয়ে মতামত জানিয়েছেন ঢাকা-কলকাতার জনপ্রিয় নায়িকা জয়া আহসান। বললেন, ওখানকার যত ছবি দেখছি, আমার ভেতরটা দুমড়েমুচড়ে যাচ্ছে।
কলকাতার আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত সাক্ষাৎকারে জয়ার উদ্দেশে প্রশ্ন ছিল— আফগানিস্তানে তালিবান শাসন কায়েম হওয়ার পরে আফগান পরিচালক সারা করিমি খোলা চিঠি দিয়ে সাহায্যের আবেদন করেছেন। এ বিষয়ে আপনার অবস্থান কী?
উত্তরে নায়িকা বলেন, “ওখানকার যত ছবি দেখছি, আমার ভেতরটা দুমড়েমুচড়ে যাচ্ছে। আসলে পুরুষতান্ত্রিক সমাজের আঙুল সব সময়েই ওঠে মেয়েদের দিকে। ঠিক কম্পাসের কাঁটার মতো তা ঘুরে যায় নারী জাতির দিকে। সারা করিমি যে আহ্বান জানিয়েছেন, আমি মন থেকে তাতে সায় দিচ্ছি। তার সঙ্গে আছি। দূর থেকে কতটা কী করতে পারব জানি না, আমার পক্ষে যদি কিছু করার সুযোগ আসে, নিশ্চয়ই করব। ওখানকার যে সব ছবি দেখছি, শিউরে উঠছি।”
“বাংলাদেশ হোক, ভারত হোক বা বহির্বিশ্বের যে কোনো দেশেই মেয়েদের ওপরে অত্যাচার হলে আমাদের সরব হতে হবে। দেশটা আমাদের থেকে দূরে ভেবে বসে থাকলে চলবে না। আজকে যা ওখানে হচ্ছে, কাল তা আমার দেশে বা কলকাতায়ও হতে পারে।”
