‘পায়ের নিচে মাটি নেই, পুলিশ দিয়ে আন্দোলনকে দমন করতে চায় সরকার’

নজর২৪, ঢাকা- আওয়ামী লীগ সরকারের পায়ের নিচে মাটি নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, এই সরকারের পায়ের নিচে মাটি নেই। জনবিচ্ছিন্ন হয়ে গেছে সরকার। এ জন্যই তারা পুলিশ দিয়ে নির্যাতন করে, গুলি করে, লাঠিচার্জ করে গণতান্ত্রিক আন্দোলনকে দমন করে রাখতে চায়।

 

মঙ্গলবার বিএনপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নবগঠিত কমিটির পক্ষ থেকে রাজধানীর শেরে বাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত শেষে তিনি এ মন্তব্য করেন।

 

বিএনপি মহাসচিব বলেন, সম্পূর্ণ শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বিনা উস্কানিতে হামলা চালিয়েছে, গুলি চালিয়েছে, লাঠিচার্জ করেছে। এতে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। আমরা সরকার ও পুলিশের এই হামলা ও নির্যাতনের তীব্র নিন্দা জানাচ্ছি।

 

মির্জা ফখরুল বলেন, আমরা বিশ্বাস করি, জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এই সরকারকে পরাজিত করতে পারবো। সেই আন্দোলন ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপি নেতৃত্ব দেবে।

 

বিএনপির নেতাকর্মীদের ওপর পুলিশের হামলার নিন্দা জানিয়ে মির্জা ফখরুল বলেন, আমাদের অসংখ্য নেতাকর্মী আহত হয়েছেন, অনেক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে, কতজন আহত তার সঠিক হিসাবটা এখন বলতে পারছি না। এর সঠিক হিসাব আমরা পরে আপনাদের দেবো।

 

‘কর্মীদের উস্কানি দেওয়া হয়েছে’ পুলিশের এমন বক্তব্যের প্রসঙ্গে জানতে চাইলে মির্জা ফখরুল ইসলাম বলেন, এটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। আমাদের নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে জিয়াউর রহমানের কবরে ফুল ও জিয়ারত করতে এসেছেন। এখানে উস্কানি দেওয়ার প্রশ্নই আসে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *