এমপির মেয়েকে নিয়ে ‘উধাও’ স্বেচ্ছাসেবক দলের সভাপতি

নজর২৪ ডেস্ক- ঝিনাইদহে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য খালেদা খানমের মেয়ে সোহেলী আহম্মদকে নিয়ে পালিয়েছেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাজেদুর রহমান পপ্পু। এ ঘটনায় সোহেলীর স্বামী বিল্লাল হোসেন লিটন বাদি হয়ে ঝিনাইদহ সদর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেছেন।

 

জানা যায়, সংসদ সদস্য খালেদা খানম’র মেয়ে সোহেলী শহরের ৩ নং পানির ট্যাংকীপাড়ায় মায়ের বাসায় থাকতেন। প্রতিবেশী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাজেদুর রহমান পপ্পুর সাথে তার ‘পরকীয়া প্রেমের’  সম্পর্ক গড়ে ওঠে। গত ১১ আগস্ট সন্ধ্যায় তারা পালিয়ে যান। এ ঘটনার পর সোহেলীর স্বামী বিল্লাল হোসেন লিটন বাদি হয়ে সাজেদুর রহমান পপ্পু ও একই এলাকার তৌফিক হোসেনের নাম উল্লেখ করে ঝিনাইদহ সদর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।

 

মামলায় উল্লেখ করা হয়, বেশ কয়েকদিন যাবত সোহেলীকে আসামিরা উত্যক্ত করাসহ বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে আসছিল। ১১ আগস্ট সন্ধ্যায় সোহেলীকে পপ্পু ও তৌফিক অপহরণ করে নিয়ে যায়।

 

এ ব্যাপারে বিল্লাল হোসেন লিটন বলেন, ৬ দিন হয়ে গেলেও আমার স্ত্রীকে পুলিশ উদ্ধার করতে পারেনি। তাকে দ্রুত উদ্ধার ও অপহরণকারীদের গ্রেফতারের দাবি জানাচ্ছি।

 

সংরক্ষিত মহিলা আসনের এমপি খালেদা খানম বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, তার রাজনৈতিক প্রতিপক্ষ তার অবস্থান ও সম্মান ক্ষুণ্ন করার জন্য মেয়েকে অপহরণ করেছে।

 

মেয়ের জীবন নিয়ে আশঙ্কা প্রকাশ করে তিনি জানান, অপহরণের পর তার মেয়ে বেঁচে আছে কি না তা নিয়ে শঙ্কিত। মেয়েকে অক্ষতভাবে উদ্ধারের দাবি জানান তিনি।

 

এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার পরিদর্শক (তদন্ত) এমদাদুল হক বলেন, তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তাদের অবস্থান নিশ্চিত শনাক্ত করার চেষ্টা চলছে। তবে এটি অপহরণ নাকি প্রেমের সম্পর্কের জের ধরে স্বেচ্ছায় বাড়ি ছেড়েছেন, তা সোহেলীকে উদ্ধারের পর নিশ্চিত হওয়া যাবে। মামলাটি ঝিনাইদহ সদর থানার এসআই আজিজুল ইসলাম তদন্ত করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *