আসিফ নজরুলের পাশে দাঁড়ালেন ভিপি নুর, আন্দোলনের হুমকি

নিজস্ব প্রতিবেদক, নজর২৪- ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আসিফ নজরুলের কক্ষে তালা দিয়েছে ছাত্রলীগ। এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর সাবেক ভিপি নুরুল হক নুর।

 

বুধবার (১৮ আগস্ট) রাতে ফেসবুকে এক পোস্টে তিনি এ প্রতিবাদ জানান। সেই সঙ্গে ‘ছাত্রলীগের সন্ত্রাস’ রুখে দাঁড়াতে ছাত্রসমাজের প্রতি আহ্বান জানান নুরুল হক নুর।

 

নুর বলেন, ‘আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান। বাংলাদেশের একজন সুপরিচিত লেখক, মানবাধিকারকর্মী, বুদ্ধিজীবী। এই কর্তৃত্ববাদী সরকারের শাসনামলেও যিনি সকল প্রকার অন্যায়-অনিয়মের বিরুদ্ধে সোচ্চার থাকেন।

 

সরকারের সমালোচনা করায় ছাত্রলীগের অছাত্র, চাঁদাবাজ, মাদকাসক্ত দুর্বৃত্তরা তার কক্ষে তালা দেওয়ার দুঃসাহস দেখায় আর বিশ্ববিদ্যালয়ের দলকানা প্রশাসন তামাশা দেখে! এর আগে পত্রিকায় কলাম লেখার কারণে ঢাবির মার্কেটিং বিভাগের শিক্ষক মোর্শেদ হাসানকেও ছাত্রলীগের দাবির মুখে অব্যহতি দেওয়া হয়েছিল।’

 

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্দেশ্যে নুরুল হক নুর বলেন, ‘স্পষ্ট বলতে চাই, দলকানা দৃষ্টিভঙ্গি পরিহার করে ছাত্রলীগের দুর্বৃত্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। অন্যথায়, আপনাদের বিরুদ্ধেও সাধারণ শিক্ষার্থীদের নিয়ে আন্দোলন গড়ে তোলা হবে।’

 

উল্লেখ্য, আফগানিস্তানে তালেবানের ক্ষমতা দখলের পর গত (১৬ আগস্ট) অধ্যাপক ড. আসিফ নজরুল তার ভেরিফায়েড ফেসবুক পেজে লেখেন, ‘সুষ্ঠু নির্বাচন হলে কাবুল বিমানবন্দর ধরনের দৃশ্য বাংলাদেশেও হতে পারে।’

 

এ স্ট্যাটাসকে কেন্দ্র করে বিকেলে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও কুশপুতুল দাহ করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ। একই কারণে দুপুরে আসিফ নজরুলের বিভাগীয় কক্ষে তালা ঝুলিয়ে দেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *