সমালোচনার মুখে গণপরিবহন নিয়ে নতুন সিদ্ধান্ত নিলো সরকার

bus

নজর২৪ ডেস্ক- অর্ধেক বাস চালুর নির্দেশনা থেকে সরে এসেছে সরকার। সমালোচনার মধ্যে আসন সংখ্যার সমপরিমাণ যাত্রী নিয়ে বাসসহ সব গণপরিবহন চলাচলের নতুন সিদ্ধান্ত এসেছে।

 

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বৃহস্পতিবার (১২ আগস্ট) পাঠানো এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়, যা কার্যকর হবে আগামী বৃহস্পতিবার থেকে।

 

করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে চার মাসের বিধিনিষেধ তোলা হয় বুধবার। এদিন থেকে গণপরিবহন চলাচলের অনুমতি দেয়া হলেও, অর্ধেক যানবাহন সড়কে নামানোর শর্ত জুড়ে দেয় সরকার।

 

এর আগে লকডাউন সীমিত করার পর গণপরিবহন তার আসনের অর্ধেক যাত্রী নিয়ে চলার নির্দেশ দেয়া হয়েছিল। আর ভাড়া বাড়ানো হয়েছিল ৬০ শতাংশ। এবার বলা হয়, যাত্রী থাকবে সব আসনেই, কিন্তু গাড়ি চলবে অর্ধেক।

 

এতে সড়কে গাড়ি কমে যাবে, আর তখন যাত্রী বেশি থাকলে তৈরি হবে ভিড়, গাড়িতে গাদাগাদি করে চলতে হতে পারে। লকডাউন ওঠানোর প্রথম দিন বুধবার রাজধানীতে তাই দেখা গেছে।

 

এমন বাস্তবতায় বিধিনিষেধ শিথিলের একদিন পরই সকল গণপরিবহন চলার অনুমতি দিয়েছে সরকার। তবে সব ক্ষেত্রে মাস্ক পরা শতভাগ নিশ্চিত করার পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তর প্রণীত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

 

কোনো প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি প্রতিপালনে অবহেলা পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দায়িত্ব নিতে হবে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করে দিয়েছে সরকার।

 

এছাড়া ১৯ আগস্ট থেকে আসন সংখ্যার অর্ধেক ফাঁকা রেখে পর্যটনকেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদনকেন্দ্র খোলার অনুমতি দিয়েছে সরকার।

 

উল্লেখ্য, করোনার সংক্রমণের লাগাম টেনে ধরতে গত ১ জুলাই থেকে বিধিনিষেধ শুরু হয়। তবে ঈদ উপলক্ষে ১৪ জুলাই মধ্যরাত থেকে ২৩ জুলাই ভোর ৬টা পর্যন্ত বিধিনিষেধ শিথিল করা হয়। এরপর ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত আবারও বিধিনিষেধ বাস্তবায়ন করা হয়। পরে তা আরেক দফা বাড়িয়ে ১০ আগস্ট পর্যন্ত করা হয়।

 

দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখা এবং সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় ১১ আগস্ট থেকে বিধিনিষেধ শিথিল করার ঘোষণা দিয়ে রোববার (৮ আগস্ট) প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

 

তবে এদিন মোট পরিবহন সংখ্যার অর্ধেক চালু করার অনুমতি দেওয়া হয়েছিল। প্রজ্ঞাপনে বলা হয়েছিল, সড়ক রেল ও নৌ-পথে আসন সংখ্যার সমপরিমাণ যাত্রী নিয়ে গণপরিবহন/যানবাহন চলাচল করতে পারবে। সড়কপথে গণপরিবহন চলাচলের ক্ষেত্রে স্থানীয় প্রশাসন (সিটি করপোরেশন এলাকায় বিভাগীয় কমিশনার ও জেলা পর্যায়ে জেলা প্রশাসক) নিজ নিজ অধিক্ষেত্রের আইন-শৃঙ্খলা বাহিনী, সংশ্লিষ্ট দফতর/সংস্থা, মালিক ও শ্রমিক সংগঠনের সঙ্গে আলোচনা করে প্রতিদিন মোট পরিবহন সংখ্যার অর্ধেক চালু করতে পারবে।

 

আজ এ নিয়ে নতুনকরে প্রজ্ঞাপন জারি করলো সরকার। তাই আগামী ১৯ আগস্ট থেকে রাস্তায় শতভাগ পরিবহন চলাচল করতে পারবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *