নরসিংদীর মাধবদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১২

রবিউল ইসলাম রুবেল, স্টাফ রিপোর্টার: মাধবদীতে বালুবহনকারী ট্রাক ও যাত্রীবাহি মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নজরুল ইসলাম (৪০) ও মো. সালাউদ্দিন (৫৫) নামে দুইজন নিহত ও শিশুসহ ১২ জন আহত হয়েছেন।

 

শনিবার (০৭ আগষ্ট) দুপুর ২ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবদী থানার কান্দাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে। নিহত নজরুল ইসলাম কিশোরগঞ্জের নিকলি থানার আবুদা গ্রামের মৃত সুন্দর আলীর ছেলে ও মো. সালাউদ্দিন ময়মনসিংহ জেলার নান্দাইল থানার রসুলপুর এলাকার মোমতাজ উদ্দিনের ছেলে। মাধবদী থানার উপ পরিদর্শক বেলাল উদ্দিন ফকির এ তথ্য নিশ্চিত করেছেন।

 

পুলিশ জানায়, ঢাকার দিক থেকে ছেড়ে আসা নরসিংদীগামী একটি বালুবাহি ট্রাক কান্দাইলে পৌঁছালে বিপরীত দিক কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা শিশুসহ ১৬ জন যাত্রীবাহি একটি মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে যাত্রীবাহি ট্রাকটি দুমড়ে মুচড়ে গিয়ে এতে থাকা ১৬ যাত্রীর মধ্যে ১২ জন যাত্রী আহত ও ঘটনাস্থলেই নজরুল ইসলাম এক যাত্রী নিহত হয়।

 

খবর পেয়ে মাধবদী থানা, ভুলতা হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়। এরমধ্যে ৯ জনকে রুপগঞ্জের ভুলতার ইউএস বাংলা হাসপাতালে নেয়ার পর মো. আলাউদ্দিন নামে আরও একজন মারা যায়। দুইজনের মরদেহ উদ্ধার করে ভুলতা হাইওয়ে পুলিশ ফাড়িতে রাখা হয়েছে।

 

মাধবদী থানার উপ পরিদর্শক বেলাল উদ্দিন ফকির জানান, দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করেছে পুলিশ যাত্রীবাহি মিনি ট্রাকটি রং সাইডে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে ধারনা করা হচ্ছে। দুর্ঘটনার পর দুই গাড়ির চালক পালিয়ে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *