এবার পরীমনির সহযোগী জিমিকে রিমান্ডে নিলো পুলিশ

নজর২৪, ঢাকা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বনানী থানায় করা মামলায় চিত্রনায়িকা পরীমনির কস্টিউম ডিজাইনার জুনায়েদ করিম জিমিকে ৩ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন বিচারক।

 

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) আবেদনের পরিপ্রেক্ষিতে শনিবার ঢাকার মহানগর হাকিম মাসুদ-উর-রহমান এ আদেশ দেন।

 

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ডিবির গুলশান জোনাল টিমের পরিদর্শক মো. আব্দুস ছোবাহান জিমিকে আদালতে হাজির করে ১০ দিনের হেফাজতে নিতে আবেদন করেন।

 

জিমির পক্ষে তার আইনজীবী খলিলুর রহমান রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করেন সংশ্লিষ্ট থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা এসআই মো. আলমগীর। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আদেশ দেন।

 

এর আগে শুক্রবার রাতে ইয়াবাসহ জিমিকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটকের পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেয়া হয়।এরপর বনানী থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

 

এর আগে বুধবার (৪ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর বনানীতে পরীমনির বাসায় প্রায় চার ঘণ্টার অভিযান শেষে তাকে আটক করে র‌্যাব। এ সময় তার বাসা থেকে বিভিন্ন মাদকদ্রব্য জব্দ করা হয়।

 

পরদিন তার বিরুদ্ধে বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। ওই মামলায় তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত শুনানি শেষে তার চারদিনের রিমান্ড মঞ্জুর করেন। পরীমনির মামলাটি পরে ডিবিতে স্থানান্তর করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *