অন্তু দাস হৃদয়, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলে আবারও করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় এই মহামারিতে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া, উপসর্গ নিয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে মারা গেছেন আরও দুইজন।
এ নিয়ে শুক্রবার (৬ আগস্ট) সকাল পর্যন্ত জেলায় করোনাভাইরাসে মোট ২২৪ জনের মৃত্যু হলো। গত ২৪ ঘণ্টায় ৮১৮টি নমুনা পরীক্ষা করে ২১০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
এ নিয়ে জেলায় মোট ১৪,৭১৪ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হলো। আক্রান্তের হার ২৫.৬৭%।
টাঙ্গাইলে জুলাই মাসে ৫ হাজার ৭৭৩ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৯৭ জনের, জেলায় মোট আক্রান্ত এবং মৃত্যুর প্রায় অর্ধেকই হয়েছে জুলাইয়ে।
সিভিল সার্জন অফিস সূত্র জানায়, জেলায় করোনাভাইরাস সংক্রমণ থেকে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৮ হাজার ২৯৯ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ১০৯ জন।
বাড়িতে আইসোলেশনে আছেন ৬ হাজার ৮২ জন। এখন পর্যন্ত মোট ৩৫ হাজার ৮৫২ জনকে কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে। এর মধ্যে ২৯ হাজার ২৭৬ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে।
সিভিল সার্জন আবুল ফজল মো. শাহাবুদ্দিন খান জানান, জেলায় আবারও করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় মৃতদের সবাই টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। করোনাভাইরাস প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। পাশাপাশি সবাইকে টিকা নেওয়ার জন্য আহ্ধসঢ়;বান জানান তিনি।
