সাইফুল ইসলাম মুকুল, রংপুর ব্যুরো- রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ এলাকায় বিধবা ভাবীকে ধর্ষণের চেষ্টায় প্রতিবেশী দেবর আবুল হোসেন চেংটুকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার রাতে উপজেলার হারাগাছ পৌরসভার আরপিএমপি হারাগাছ থানাধীন নিউ সারাই কাজীপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত আবুল হোসেন একই গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।
বৃহস্পতিবার (০৫ আগস্ট) সন্ধ্যায় রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানার ভারপ্রাপ কর্মকর্তা (ওসি) রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই নারী ও প্রতিবেশী আবুল হোসেন ভাবী-দেবর সম্পর্ক। দীর্ঘদিন ধরে জমি কেনা বেচা বিষয় নিয়ে বিভিন্ন সময় দেবর আবুল হোসেন ওই নারীর বাড়ীতে যাতায়াত করতো। গত ৩ আগষ্ট মঙ্গলবার রাতে আবুল হোসেন ওই নারীর ঘরে প্রবেশ করে তাকে শ্লীলতাহানির চেষ্টা করে। ৪ আগষ্ট বুধবার সকালে আবুল হোসেন ওই নারীর বাড়ীতে গিয়ে ঘরে প্রবেশ করে আবারও ধর্ষণের চেষ্টা করে।
এসময় তার চিৎকারে পরিবার লোকজন এগিয়ে এসে আবুল হোসেনকে আটক করে। পরে ৯৯৯ মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে আবুল হোসেনকে উদ্ধার করে থানা হেফাজতে নেয় পুলিশ।
রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, এ ঘটনায় বুধবার রাতে ওই নারী বাদী হয়ে আবুল হোসেনকে আসামী করে মামলা দায়ের করেছেন। বৃহস্পতিবার বিকেলে তাকে আদালতে পাঠানো হয়েছে।
