৭ আগস্ট থেকে নয়, গণটিকা কার্যক্রম পেছালো সরকার

নজর২৪ ডেস্ক- সারা দেশে গণটিকার কার্যক্রম আগামী শনিবার (৭ আগস্ট) শুরু হওয়ার কথা থাকলেও সে সিদ্ধান্ত পরিবর্তন করেছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে শনিবারই (৭ আগস্ট) পরীক্ষামূলকভাবে গণটিকার কার্যক্রম শুরু হবে। এর এক সপ্তাহ পর আগামী ১৪ আগস্ট থেকে ১৯ আগস্ট পর্যন্ত পুরোদমে চলবে গণটিকার কার্যক্রম।

 

বৃহস্পতিবার (৫ আগস্ট) সকালে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. খুরশীদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, ক্যাম্পেইনের আওতায় আপাতত একদিন (৭ আগস্ট) ভ্যাকসিন দেওয়া হবে। তারপর সাতদিন বন্ধ থাকার পর আবার ক্যাম্পেইন চালু হবে। তবে চলমান টিকাদান কর্মসূচি অব্যাহত থাকবে।

 

ডা. খুরশীদ আলম আরও জানান, ৭ আগস্ট পরীক্ষামূলক দেওয়া হবে আর ১৪ আগস্ট থেকে গণহারে টিকা কার্যক্রম শুরু।

 

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সারাদেশে গণহারে টিকা কার্যক্রম পরিচালনায় ৭ আগস্ট থেকে ১২ আগস্ট পর্যন্ত দেশব্যাপী ৬ দিনের ভ্যাকসিনেশন ক্যাম্পেইনের উদ্যোগ নেওয়া হলেও হঠাৎ করেই পরিকল্পনায় পরিবর্তন আনা হয়েছে। ৬ দিনের পরিবর্তে এখন মাত্র একদিন করা হবে এই ক্যাস্পেইন। এরপর ১৪ আগস্ট থেকে গণটিকা কার্যক্রম শুরু হবে।

 

এ বিষয়ে বুধবার রাতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি বিবৃতি এসেছে। তাতে বলা হয়েছে, আগামী ৭ থেকে ১২ আগস্ট পর্যন্ত টিকাদান কার্যক্রম টিকাস্বল্পতার কারণে সীমিত করা হয়েছে। আপাতত ৭ আগস্ট শুধু এক দিন প্রতিটি টিকাকেন্দ্রে অগ্রিম রেজিস্ট্রেশনের ভিত্তিতে বয়োবৃদ্ধ, অসুস্থ, নারী ও প্রতিবন্ধীদের অগ্রাধিকার দিয়ে ৩০০ জনকে টিকা দেয়া হবে। অনেক চেষ্টার পরও এটা পরিবর্তন করা যাচ্ছে না।

 

প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সঙ্গে আলোচনা সভায় এই সিদ্ধান্ত হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। বলা হয়েছে, ‘আগামী ১৪ আগস্ট থেকে টিকা প্রাপ্তি সাপেক্ষে এই কর্মসূচি পুনরায় শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সিদ্ধান্ত পরিবর্তনে সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *