লকডাউন বাড়িয়ে প্রজ্ঞাপন জারি, বিমান চালুর সিদ্ধান্ত

নজর২৪, ঢাকা- শিল্পকারখানা খুলে দিয়ে ও স্বাস্থ্যবিধি মেনে অভ্যন্তরীণ রুটে বিমান চলাচলের সুযোগ রেখে চলমান কঠোর বিধিনিষেধের মেয়াদ আগামী ১০ আগস্ট (মঙ্গলবার) মধ্যরাত ১২টা পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

 

বৃহস্পতিবার (৫ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বৃহস্পতিবার রাত ১২টা থেকে ১০ আগস্ট ২০২১ রাত ১২টা পর্যন্ত এ বিধিনিষেধের সময়সীমা বাড়ানো হলো।

 

শিল্প, কল-কারখানা বিধিনিষেধের আওতা বহির্ভূত থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে অভ্যন্তরীণ রুটের ফ্লাইট।

 

এর আগে মঙ্গলবার (৩ আগস্ট) ভার্চুয়ালি অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সচিবালয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সাংবাদিকদের জানান, বিধিনিষেধের মেয়াদ আরও পাঁচ দিন (১০ আগস্ট পর্যন্ত) বাড়ানো হয়েছে। ১১ আগস্ট থেকে খুলবে সব ধরনের সরকারি-বেসরকারি অফিস, দোকানপাট, শপিংমল; চলবে গণপরিবহন।

 

তিনি বলেন, ১১ আগস্ট থেকে এই কঠোর বিধিনিষেধ আর থাকবে না। স্বাস্থ্যবিধি মেনে সবকিছু ধীরে ধীরে খুলে দেওয়া হবে।

 

মন্ত্রী বলেন, ১১ আগস্ট থেকে দোকানপাট খুলে দেওয়া হবে। ওইদিন থেকে সড়কে পুনরায় গণপরিবহন চলাচল করবে। ১০ তারিখ পর্যন্ত বিধিনিষেধের সময়ের মতো চলবে, ১১ তারিখ থেকে খুলবে অফিস।

 

উল্লেখ্য, কোভিড-১৯ এর বিস্তার রোধে গত ২৩ জুলাই সকাল ৬টা থেকে ৫ আগস্ট মধ্যরাত পর্যন্ত ১৪ দিনের কঠোর বিধিনিষেধ জারি করেছিল সরকার। বিধিনিষেধ চলমান অবস্থায় তা আরও ৫ দিন বাড়ানো হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *