Home জাতীয় অবশেষে বক্তব্য প্রত্যাহার করে নিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

অবশেষে বক্তব্য প্রত্যাহার করে নিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

0
340

নজর২৪, ঢাকা- ‘আগামী ১১ আগস্টের পর থেকে টিকা ছাড়া ১৮ বছরের ঊর্ধ্বে কেউ বের হতে পারবেন না’ বলে যে বক্তব্য দিয়েছেন, তা প্রত্যাহার করে নিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

 

বুধবার (৪ আগস্ট) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

এতে বলা হয়, ১৮ বছরের ঊর্ধ্বে সব নাগরিককেই পর্যায়ক্রমে টিকার আওতায় নিয়ে আসা হবে। তবে ‘টিকা নেওয়া ছাড়া ১৮ বছরের ঊর্ধ্বে কেউ ১১ আগস্টের পর বাইরে বের হতে পারবেন না’ মর্মে বিভিন্ন গণমাধ্যমে মন্ত্রীর যে বক্তব্য প্রচার হচ্ছে, বক্তব্যের অংশটুকু প্রত্যাহার করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

 

এ বিষয়ে জানতে চাইলে দুপুরে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘সিদ্ধান্তটি প্রত্যাহার করা হয়েছে। বক্তব্যটি সংশোধন করা হয়েছে। এটা তো সম্ভব নয়। এটা পর্যায়ক্রমে হবে। ওই পর্যায়ে আমরা ভবিষ্যতে যাব। আরও টিকা দেয়ার ব্যবস্থা করে এই সিদ্ধান্ত আমরা নেব। আমরা আরও সময় নেব।’

 

এর আগে গতকাল মঙ্গলবার (৩ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে করোনাভাইরাস পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভায় সভাপতিত্ব করেন মন্ত্রিসভার সর্বজ্যেষ্ঠ মুক্তিযুদ্ধমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। সভাশেষে মুক্তিযুদ্ধমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘যারা ১১ তারিখ থেকে মুভ করবে, ভ্যাকসিন ছাড়া ১৮ বছরের ঊর্ধ্বে কোনো লোক, শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে। ১৮ বছরের ঊর্ধ্বে কোনো ব্যক্তি যদি রাস্তাঘাট, গাড়িতে, মোটরসাইকেল বা বাইসাইকেলে, টেম্পো বা বাসে বা ট্রেনে হোক, নো বডি এলাউ টু মুভ, তাদেরকে অবশ্যই ভ্যাকসিনেটেড হতে হবে।’

 

এ সময় সেখানে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তবে সেসময় মুক্তিযুদ্ধমন্ত্রীর বক্তব্যের সঙ্গে তিনি কোনো দ্বিমত পোষণ করেননি।

 

পরে রাতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তার পাঠানো এক বার্তায় বলা হয়, টিকা নেয়া ছাড়া ১৮ বছরের ঊর্ধ্বে কেউ বাইরে বের হতে পারবে না- বলে যে সংবাদটি প্রচার হচ্ছে, তা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়নি। প্রচারিত এ তথ্য সঠিক নয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here