নজর২৪, ঢাকা- আলোচিত চিত্রনায়িকা পরীমণিকে হেফাজতে নিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বুধবার (৪ আগস্ট) বিকেলে তার বনানীর বাসায় প্রায় ৩ ঘণ্টার অভিযানের পর তাকে হেফাজতে নেওয়া হয় ।
প্রাথমিকভাবে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। র্যাবের একটি দায়িত্বশীল সূত্র ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছে। ওই সূত্র জানায়, পরীমণির বাসা থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করেছে র্যাব।
বিকেল সাড়ে চারটার দিকে বনানীর লেক ভিউ ১৯/এ নম্বর রোডের ১২ নম্বর বাড়িতে র্যাবের অভিযানের বিষয়টি নিশ্চিত করেন এলিট ফোর্সটির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক খন্দকার আল মঈন।
র্যাবের গোয়েন্দা দলের একজন শীর্ষ কর্মকর্তা জানান, পরীমনির বাসায় বিপুল পরিমাণ মাদক পাওয়া গেছে, তাকে হেফাজতে নেয়া হয়েছে, কিছুক্ষণের মধ্যেই তাকে বাসা থেকে বের করা হবে। তারপর র্যাবের সদরদফতরে নিয়ে যাওয়া হবে। সেখানে বিস্তারিত জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের ব্রিফ করবে র্যাব।
এর আগে র্যাবের অভিযান দেখে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভ শুরু করেন পরীমনি। তিনি লাইভে অভিযোগ করেন, তার বাসায় ‘বিভিন্ন পোশাকে’ লোকজন এসে ফ্ল্যাটের দরজা খুলতে বলছেন। কিন্তু তিনি দরজা খুলতে ভয় পাচ্ছেন।
পরে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ‘সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে তার বাসায় অভিযান চালানো হয়েছে।’
পরীমনি দীর্ঘদিন ধরে আলোচনায় রয়েছেন। কিছুদিন আগে ঢাকার সাভারের বোটক্লাবে যৌন নির্যাতনের শিকার হয়েছেন অভিযোগ করে আলোচনায় আসেন তিনি। সে ঘটনায় কয়েকজন গ্রেফতারও হয়েছিলেন, তারা আবার জামিনও পেয়ে গেছেন। এর মধ্যেই আবার একাধিক ক্লাবে পরীমনির ভাঙচুরের অভিযোগ করেন সংশ্লিষ্টরা।
