টি-টোয়েন্টিতেও বাঘের থাবায় অস্ট্রেলিয়া বধ

স্পোর্টস আপডেট ডেস্ক- স্বপ্নময়, দুর্দান্ত, অবিশ্বাস্য! পুঁজি ছিল মাত্র ১৩১ রানের। সামনে অস্ট্রেলিয়ার মতো প্রতিপক্ষ। টি-টোয়েন্টিতে এমন পুঁজি নিয়ে যে কোনো দলের সঙ্গেই তো লড়াই করা কঠিন!

 

কিন্তু সেই কঠিন কাজটিই করে দেখাল বাংলার টাইগাররা। অসি-দৈত্য বধ হলো ইতিহাস গড়ে। টেস্ট, ওয়ানডেতে জয় পেলেও টি-টোয়েন্টিতে এতদিন অধরাই ছিল অস্ট্রেলিয়া। অবশেষে স্বপ্নপূরণ হলো। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামকে উৎসবের রঙে রাঙালেন মাহমুদউল্লাহ-সাকিব-মোস্তাফিজরা।

 

প্রথম টি-টোয়েন্টিতে অবিশ্বাস্য এক জয়ে পাঁচ ম্যাচ সিরিজ শুরু করেছে বাংলাদেশ। ছোট্ট পুঁজি নিয়েও মিরপুরে তারা অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছে ২৩ রানে।

 

টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে মাহমুদুল্লাহ রিয়াদের বাহিনী। অভিজ্ঞ ও পরিক্ষীত তামিম, মুশফিক ও লিটনকে ছাড়াই ২২ গজে ব্যাটিংয়ের চ্যালেঞ্জে নেমে ১৩১ রান তোলে বাংলাদেশ।

 

জবাবে নাসুম আহমেদের স্পিন জাদু এবং মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলামের দারুণ পেইসে ১০৮ রানেই থামতে হয় অস্ট্রেলিয়াকে।

 

শুরুতেই সৌম্যকে হারিয়ে বিপর্যয়ে পড়া বাংলাদেশকে পথে রাখেন ওপেনার মোহাম্মদ নাইম ও সাকিব আল হাসান। ২৯ বলে ৩০ রানের ইনিংস উপহার দিয়ে ফেরেন নাইম। আর ৩৩ বলে সাকিবের ৩৬ রানে রানের ধারা অব্যাহত রাখে টাইগাররা। পরে তার বিদায়ের পর ২০ বলে ২০ রান করে সাজঘরে ফেরেন মাহমুদুল্লাহ রিয়াদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *