টাঙ্গাইলে করোনার ভ্যাকসিন ছাড়াই ২০ জনের শরীরে সুই পুশ

অন্তু দাস হৃদয়, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের দেলদুয়ারে করোনার ভ্যাকসিন ছাড়াই সুই পুশ করার অভিযোগ উঠেছে সহকারী স্বাস্থ্য পরিদর্শক সাজেদা আফরিনের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তকে সাময়িকভাবে অব্যহতি দেয়া হয়েছে।

 

গত রোরবার (০১ আগস্ট) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। ওই দিনই ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে সোমবার জেলা সিভিলসার্জন অফিসে তদন্ত প্রতিবেদন জমা দেয়া হয়।

 

জানা গেছে, রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ২নং বুথে টিকা দিচ্ছিলেন সহকারী স্বাস্থ্য পরিদর্শক সাজেদা আফরিন। এ সময় সাজেদা আফরিন টিকা গ্রহণকারিদের শরীরে শুধু সুই পুশ করে ভ্যাকসিন প্রবেশ না করিয়ে সিরিঞ্জ ফেলে দিচ্ছিলেন। এ সময় বিষয়টি এক যুবকের নজরে আসে।

 

ঘটনাটি আবাসিক চিকিৎসক ডা. শামিমকে জানানো হলে তিনি পরিত্যাক্ত সিরিঞ্জগুলো বাছাই করে ২০টি সিরিঞ্জের ভেতর সম্পূর্ণ ভ্যাকসিনের উপস্থিতি দেখতে পান। তিনি নিশ্চিত হন সুই পুশ করা হলেও ভ্যাকসিন শরীরে প্রবেশ করানো হয়নি।

 

অভিযুক্ত সহকারী স্বাস্থ্য পরিদর্শক সাজেদা আফরিন জানান, অনেক লোকের চাপ ছিল অনিচ্ছাকৃতভাবে ঘটনাটি ঘটে গেছে।

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শামিম জানান, বিষয়টি অনাকাঙ্খিত। আলামত সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। দোষী সাব্যস্থ হলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রবীর কুমার জানান, তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে তাকে সাময়িক অব্যহতি দেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *