মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের মির্জাপুরে পৃথক সড়ক দূর্ঘটনায় ২ গার্মেন্টকর্মী নিহত হয়েছেন। শনিবার (৩১জুলাই) বিকেল ও সন্ধ্যায় মহাসড়কের ৩টি স্থানে এ দূর্ঘটনা ঘটে।
জানা গেছে, বেলা ৪টার দিকে উপজেলার ক্যাডেট কলেজ এলাকায় পিছন দিক থেকে একটি অজ্ঞাত বাসগাড়ি মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। এতে মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়েছেন। নিহত গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার রামধনভূয়ামারি গ্রামের আতাউর রহমানের ছেলে গোলাম হোসেন (৪০)।
অপরদিকে সন্ধ্যা সোয়া ৬টার সময় দেওহাটা এলাকায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত হয়। নিহত, টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার আকাশি গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী নাজমা বেগম (২৮)। পৃথক দূর্ঘটনায় নিহত দুজনই গার্মেন্টকর্মী ছিলেন বলে জানিয়েছেন পুলিশ।
এছাড়াও পোষ্টকামুরী চরপাড়া এলাকায় সন্ধ্যা ৭টার দিকে উত্তরবঙ্গগামী রাজধানী পরিবহন নামের বাসের (ঢাকা মেট্রো-ব ১৫-০৭৩৫) সাথে অটো ভ্যানের সংঘর্ষ হয়। এতে ভ্যানের চালক গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয় এবং গাড়িটিকে আটক করা হলেও চালক পলাতক রয়েছে বলে জানিয়েছেন টাঙ্গাইল সদর ট্রাফিক বিভাগের পুলিশ সার্জেন্ট মো. রোবায়েত আহম্মেদ।
এ বিষয়ে গোড়াই হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. আজিজুল হক বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
