তৌফিকুর রহমান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ সড়ক দিয়ে যাওয়ার সময়ই যে কারোর নজর কাড়বে বাড়ির দেয়ালে বিভিন্ন ধরণের রং দিয়ে আঁকানো বঙ্গবন্ধু ও নৌকার ছবি। বাড়ির গেটের দেয়ালের (নিরাপত্তা বেষ্টনি) দুই পাশে এভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও নৌকার ছবি আঁকিয়েছেন টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলার আব্দুল লতিফ সরকার।
বঙ্গবন্ধু সেতুপূর্ব-ভূঞাপুর সড়কের পাশেই উপজেলার পূর্নবাসন এলাকায় আব্দুর রহমান সরকারের ছেলে আব্দুল লতিফ সরকার তার বাড়ির দেয়ালে বঙ্গবন্ধু ও নৌকার ছবি অঙ্কণ করেছেন। ফলে স্থানীয়রাসহ ওই সড়কে চলাচলকারীদের নজর কেড়েছে এমন চিত্রাঙ্কনের ছবি দেখে।
জানা গেছে, উপজেলার পূর্নবাসন এলাকার বাসিন্দা আব্দুল লতিফ সরকার একজন ব্যবসায়ী। সেই সাথে তিনি নিকরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য। এলাকায় তারা আওয়ামী পরিবার নামে পরিচিত। তার ভাতিজা আব্দুল মতিন সরকার নিকরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
বঙ্গবন্ধু সেতু নির্মাণকালে পূর্নবাসন এলাকার ক্ষতিগ্রস্থদের জন্য প্লট আকারে আবাসন নির্মাণ করে সরকার। এজন্য এলাকার নাম হয় পূর্নবাসন। সেখানকার বসতিদের জন্য বাজার, মসজিদ ও গ্রামীণ হাসপাতাল নির্মাণ করা হয়। সেই ১ নম্বর পূনর্বাসন এলাকায় বসবাস করেন আব্দুল লতিফ সরকার। স্থানীয় ফেমাস আর্টের চিত্র শিল্পী জুলহাস তার বাড়ির দেয়ালে এই চিত্রাঙ্কন করে দেন।
স্থানীয়রা জানান, বাড়ির দেয়ালের সামনে শোভা পাচ্ছে বঙ্গবন্ধু ও নৌকা প্রতিকের ছবি। খুবই সুন্দরভাবে বিভিন্ন রং দ্বারা এটি অঙ্কন করা হয়েছে। অন্যান্য বাড়ির চেয়ে এটি দুর থেকে দৃষ্টি নন্দন মনে হয়।
আব্দুল লতিফ সরকার বলেন, ছোটবেলা থেকেই বঙ্গবন্ধুর প্রতি অন্যরকম ভালবাসা ছিল। সেই ভালবাসা থেকেই বাড়ির দেয়ালের সামনের অংশে বঙ্গবন্ধু ও নৌকার ছবি আঁকিয়েছি। আমার পুরো পরিবার আওয়ামী লীগ পরিবার। আমরাও আওয়ামী লীগকে ভালবাসি। ৭১ যুদ্ধ দেখি নাই। বঙ্গবন্ধু না থাকলে এই দেশ স্বাধীন হতো না। সেই থেকে তাঁর প্রতি ভালবাসা জন্ম নেয়।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধু ও নৌকার ছবি অঙ্কন করতে যিনি আর্টিস্ট ছিলেন তাকে রংসহ প্রায় ১৬ হাজার টাকা দিয়েছি। ছোট বেলা থেকেই স্বপ্ন ছিল বঙ্গবন্ধুর ছবি বাড়িতে অঙ্কন করবো। সেই স্বপ্ন পূরণ হয়েছে। এলাকার মানুষজনও দেখে খুবই খুশি হয়েছে এমন দেয়াল অঙ্কনের জন্য। এমন দৃশ্য কোথাও নেই।
উপজেলার নিকরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন সরকার বলেন, আব্দুল লতিফ একজন আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী। তিনি আওয়ামীলীগ, বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভালবাসেন। সেই ভালবাসা থেকেই তিনি তার বাড়ির দেয়ালে বঙ্গবন্ধু ও নৌকার ছবি চিত্রাঙ্কণ করেছেন। এটা দেখে এলাকার সবাই খুব প্রশংসা করেছেন তাকে। আর চিত্রকর্মটিও অনেক সুন্দর হয়েছে। এজন্য ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই।
