উপজেলা চেয়ারম্যান হালিমের মৃত্যুতে ভূঞাপুরে শোকের ছায়া

নিজস্ব প্রতিবেদক, নজর২৪- টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম (৬৫) অ্যাডভোকেটের মৃত্যুতে তার কর্মী-সমর্থকসহ উপজেলার সর্বস্তরের মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

 

স্থানীয় নেতাকর্মীরা জানান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম সুখে দুঃখে সবসময় মানুষের পাশে থেকেছেন। তার মৃত্যুতে ঘরে ঘরে শোকের ছায়া নেমে এসেছে। এই বর্ষীয়ান নেতার শূণ্যতা পূরণ হওয়ার নয়।

 

আব্দুল হালিম অ্যাডভোকেট উপজেলা পরিষদের দুই বারের চেয়ারম্যান। দীর্ঘদিন তিনি ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি সাবেক জেলা বার সমিতির সভাপতি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।

 

চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম অ্যাডভোকেটের ব্যক্তিগত সহকারী কামরুল ইসলাম জানান, টিকা নেওয়ার পরও তিনি করোনায় আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছিলেন। শুক্রবার ভোরে তিনি চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

 

বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম অ্যাডভোকেটের ভায়রা পুলিশের অ্যাডিশনাল আইজিপি খন্দকার গোলাম ফারুক জানান, করোনায় আক্রান্ত হয়ে তিনি শুক্রবার ভোরে মৃত্যুবরণ করেছেন। এ ছাড়া তার হার্টের সমস্যা ছিল। শুক্রবার বাদ আছর ভূঞাপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে বাদ মাগরিব তার গ্রামের বাড়ি সাফলকুড়ায় দাফন সম্পন্ন হবে।

 

এদিকে বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী এ নেতার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, উপজেলা নির্বাহী অফিসার মোছা. ইশরাত জাহান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নুর মিনি, বিভিন্ন ইউপি চেয়ারম্যানবৃন্দ, আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *