রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: বৈশ্বিক মহামারি করোনার প্রকোপ থেকে বাঁচতে দেরিতে হলেও সিরাজগঞ্জের শাহজাদপুরে সাধারণ মানুষের মাঝে টিকা গ্রহনের আগ্রহ বৃদ্ধি পেয়েছে।
সরেজমিনে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকা ইউনিটে গিয়ে দেখা যায়, বাইরে শতাধিক মানুষ অপেক্ষা করছেন টিকা গ্রহনের জন্য। টিকা কেন্দ্রের ভেতরে গিয়েও ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়।
তবে টিকা গ্রহনকারীদের মাঝে অস্বস্তি ও বিরক্তি লক্ষ্য করা গেছে। তারা জানিয়েছেন অপর্যাপ্ত ২টি বুথের মাধ্যমে টিকা প্রদান করা হচ্ছে, টিকা গ্রহনকারীর সংখ্যার তুলনায় যা খুবই কম।
তারা জানায় যদি বুথের সংখ্যা বাড়ানো যেতো তাহলে সবাই দ্রুত ও নির্বিঘ্নে টিকা গ্রহন করতে পারতো। টিকা কেন্দ্রে দায়িত্বরত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ কাবেরী বন্যা জানান, সার্ভারের ব্যাস্ততা ও নেটওয়ার্ক সমস্যার কারণে মাঝে মধ্যে একটু দেরি হচ্ছে।
তিনি জানান, শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত ১৩ জুলাই থেকে ২৬ জুলাই পর্যন্ত মোট টিকা গ্রহন করেছেন ২ হাজার ১২৮ জন। এখন পর্যন্ত শাহজাদপুর উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ৬১৩ জন, চলতি জুলাই মাসের ২৫ তারিখ পর্যন্ত ২৩৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
শাহজাদপুর উপজেলায় এখন পর্যন্ত মোট ১২ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন, যাদের অধিকাংশেরই বয়স ৬০ এর উপরে।
