তৌফিকুর রহমান, (ভূঞাপুর টাঙ্গাইল) প্রতিনিধি- করোনা ভাইরাসের প্রকোপ কমাতে সরকারের দেয়া কঠোর নিষেধাজ্ঞা তোয়াক্কা করছেন না হাট বাজারে আসা মানুষজন। মঙ্গলবার (২৭ জুলাই) সকালে ভূঞাপুর উপজেলার কয়েকটি বাজারে এমন চিত্র দেখা যায়।
মহামারি করোনা ভাইরাসের ভয়াল থাবার হাত থেকে রেহাই পায়নি কোন দেশ। বাংলাদেশও এর ভয়াবহ চিত্র দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে সরকার ১৪ দিনের কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে। বিনা প্রয়োজনে ঘরের বাইরে গেলেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
কিন্তু এর ভিন্ন রুপ দেখা যায় টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ক্ষুদ্র নিকলা বাজারে। সেখানকার চিএ দেখে মনে হয় দেশে করোনার কোন ছিটে ফোটাই নেই। অবাধে চলাফেরা করছে। স্বাস্থবিধিতো দুরের কথা কারো মুখেই নেই মাস্ক। সামাজিক দুরত্ব বজায় রেখে বাজার খোলা রাখার কথা থাকলেও তা মানছে না কেউ।
ঠিক একই অবস্থা দেখা যায় কাগমারীপাড়া, শিয়ালকোল এবং নিকলা দড়িপাড়া বাজারে। স্থানীয় দোকানদার সেকান্দার আলী জানান, আমি দীর্ঘদিন চায়ের দোকান বন্ধ করে রাখছি, আমার ক্ষতি হচ্ছে কিন্তু আমার মাধ্যমে অন্য কারো ক্ষতি হোক আমি চাইনা তবুও তারা বিনা কারণে বিভিন্ন দোকানে ভিড় জমায়, আড্ডা দেয়। কারো মুখে থাকেনা মাস্ক।
উপজেলার ৫ নং অলোয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সাবেক মেম্বার শফিকুল ইসলাম হাসান বলেন, একাধিকবার তাদের সতর্ক করে দেওয়ার পরেও কোন কাজ হয়নি।
ভারই দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল ইসলাম তালুকদার সেলিম জানান, নিজ খরচে তাদের মাঝে মাস্ক ও প্রয়োজনীয় স্বাস্থ সুরক্ষা সামগ্রী বিতরণ করেছি অনেকবার। প্রায় প্রতিদিন বাজারের প্রত্যেকটি দোকানদারদের সচেতন করি এবং সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য অনুরোধ করি। কিন্তু কোন কাজ হয়নি।
তিনি বলেন, দিনে দু’একবার পুলিশের টহলকারী গাড়ী আসলে সবাই যার যার মত চলে যায় এবং পুলিশ চলে গেলে সবকিছুই সেই আগের অবস্থায় ফিরে আসে।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান বলেন, সবাইকে স্বাস্থবিধি মেনে চলতে এবং মাস্ক ব্যাবহার করতে প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করছে এবং আমাদের চেষ্টা অব্যাহত থাকবে।
