সাখাওয়াত হোসেন জুম্মা, বগুড়া প্রতিনিধি: গত ২৪ ঘণ্টায় বগুড়ায় করোনা ও করোনা উপসর্গ নিয়ে আরও ১৭ জনের মৃত্যু
হয়েছে। এদের মধ্যে করোনায় সাতজন ও উপসর্গে ১০ জনের মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে করোনা রোগী শনাক্ত হয়েছে ১৬৯ জন।
১৯ জুলাই সোমবার দুপুরে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
করোনায় মৃতরা হলেন- সদর উপজেলার নুরুল ইসলাম (৪৩), নাসির আকন্দ (৬৮), রাকা (৫৫), দুপচাঁচিয়া উপজেলার মলিন আরা (৩৬), শাজাহানপুর উপজেলার মাকসুদুর রহমান (৫৫), আদমদীঘি উপজেলার জিল্লুর রহমান (৫৩) ও সারিয়াকান্দি উপজেলার আব্দুল কুদ্দুস (৮০)।
অন্যদিকে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ১০ জনের মৃত্যু হয়েছে।
বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, শমিজেক হাসপাতালের পলিমারেজ চেইন রিঅ্যাকশন (পিসিআর) ল্যাবে গত ২৪ ঘণ্টায় জেলার মোট ২৮২টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ১০৪ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। এছাড়া জিন এক্সপার্ট মেশিনে ১১ নমুনায় চারজন, এন্টিজেন পরীক্ষায় ১৭১ জনের মধ্যে ৪৯ জন, বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৩০টি নমুনার মধ্যে ১৩ জনসহ মোট ১৬৯ জনের পজিটিভ রিপোর্ট এসেছে।
এ নিয়ে বগুড়ায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ২৪৬ জনে। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৪ হাজার ৬০৯ জন। এছাড়া নতুন সাতজনসহ মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫১৪ জনে। বর্তমানে করোনা আক্রান্ত চিকিৎসাধীন রয়েছে দুই হাজার ১২৩ জন।
