সাখাওয়াত হোসেন জুম্মা, বগুড়া প্রতিনিধি: গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা এবং করোনা উপসর্গে বগুড়ায় আরো ১৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৬ জন করোনায় এবং ১০ জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। এছাড়া নতুন করে আরো ১৭৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে সুস্থ হয়েছেন ১০২ জন।
১৫ জুলাই বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার সাজ্জাদ-উল-হক।
২৪ ঘন্টায় করোনায় মারা যাওয়া ব্যক্তিরা হলেন- বগুড়া সদরের আমজাদ হোসেন(৮৫) ও আব্দুল হামিদ(৯০) এবং শাজাহানপুরের খোরশেদ আলোম(৫৪)। এছাড়া বাকি ৩জনের নাম ঠিকানা জানাতে পারেনি জেলা স্বাস্থ্য দপ্তর। এছাড়া করোনার উপসর্গ নিয়ে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল ও শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো ১০জনের মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন ডাঃ সাজ্জাদ।
ডাঃ সাজ্জাদ জানান, ২৪ ঘন্টায় জেলায় আরও ৫২৪টি নমুনা পরীক্ষা করা হয়। যার ফলাফলে ১৭৬জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৩৩ দশমিক ৫৮ শতাংশ। এ নিয়ে জেলায় মোট ১৬ হাজার ৫৪৬জন করোনায় আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ১৪ হাজার ৫১জন। মারা গেছেন ৪৯১জন। চিকিৎসাধীন রয়েছেন ২ হাজার ৪জন।





