মোঃ ইউনুস আলী, লালমনিরহাট প্রতিনিধি: বৈশ্বিক মহামারিতে দেশে যখন অক্সিজেনের হাহাকার, তখন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে “অক্সিজেন জেনারেটর” উপহার দিলেন লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ।
বুধবার (১৪ই জুলাই) দুপুর ১২ টার দিকে উপজেলা চেয়ারম্যান মাহাবুবুজ্জামান আহমেদ ঐ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার দেবব্রত কুমার রায়ের হাতে এ অক্সিজেন জেনারেটরটি হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মান্নান, প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম হেলাল, সাধারণ সম্পাদক তিতাস আলম সহ বিভিন্ন প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের অক্সিজেন সাপোর্ট দিতে এই অক্সিজেন জেনারেটর ব্যবহার করা হবে। এটি মূলত প্রাকৃতিক বাতাসকে পরিশোধনের মাধ্যমে অক্সিজেন তৈরী করে ধারণ করতে পারে এবং পরবর্তীতে চাহিদা অনুযায়ী অক্সিজেন সরবরাহ করতে পারবে বলে জানা যায়।
এসময় উপজেলা চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ করোনাকালীন সময়ে সমাজের নিম্মশ্রেণীর জনসাধারণদের সহায়তা করার জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।
তিনি বলেন, আমরা আজ কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা পরিষদের পক্ষ থেকে অক্সিজেন জেনারেটর হস্তান্তর করেছি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীরা যেন চিকিৎসা নিতে পারেন সেজন্য আমি উপজেলা পরিষদের পক্ষ থেকে সর্বপ্রথম কর্মরত চিকিৎসকদের পিপিইসহ করোনা মোকাবেলা ও প্রতিরোধে সকল প্রকার সামগ্রী ইতিপূর্বে প্রদান করেছি।
কারো অপেক্ষায় না থেকে, আমরা চেষ্টা করবো আমাদের নিজেস্ব তহবিল দিয়ে রোগীদের সুচিকিৎসা ব্যবস্থা করার। এছাড়াও এখানকার রোগীদেরকে যাতে অক্সিজেনের জন্য রংপুর অথবা ঢাকা যেতে না হয় আমরা অবশ্যই সেটার ব্যবস্থা করব।
তিনি উর্দ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন, অত্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের যে শূন্যতা রয়েছে সেবিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষ আমলে নিলে আমি বিশ্বাস করি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মানুষ শতভাগ সুচিকিৎসা পাবে। আমি সবসময় তৃণমূল গরীব দুঃখী মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও আমার ধারা অব্যাহত থাকবে।
