আরও এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করলো বিএসএফ

মোঃ ইউনুস আলী, লালমনিরহাট প্রতিনিধি- লালমনিরহাটের আদিতমারী সীমান্তে ভারতীয় গরু পারাপারের সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এর গুলিতে সুবল চন্দ্র (৩০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

 

বুধবার (১৪ জুলাই) সকালে ঐ উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের তালুক দুলালী বারঘড়ি সীমান্তের ৯২৯ নম্বর মেইনপিলার এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত সুবল চন্দ্র উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারী গ্রামের পেলকু রাম বর্ম্মনের ছেলে।

 

সীমান্তবাসী ও বিজিবি জানান, ওই উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের তালুক দুলালী বারঘড়ি সীমান্তের ৯২৯ নম্বর মেইন ও ৮ নং সাব-পিলার এলাকা হয়ে ভারতে গরু আনতে যান সুবল চন্দ্রসহ কয়েকজন রাখাল। তারা বুধবার সকালে গরু নিয়ে বাংলাদেশে ফেরার পথে ভারতীয় কোচবিহার ১৪০ বিএসএফ ব্যাটালিয়নের বাবুর বিএসএফ ক্যাম্পের টহল দলের সদস্যরা ভারতের অভ্যন্তরে গুলি ছুড়লে ঘটনাস্থলেই মারা যান সুবল চন্দ্র। তার মরদেহ বিএসএফ উদ্ধার করে ভারতীয় পুলিশে সোপর্দ করে।

 

এ ঘটনায় বিজিবি’র পক্ষ থেকে প্রতিবাদসহ পতাকা বৈঠকের আহবান জানানো হয়েছে নিশ্চিত করে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল তৌহিদুল আলম বলেন, সীমান্তের ৩শ গজ ভারতের অভ্যন্তরে একটি মরদেহ পড়ে রয়েছে বলে জেনেছি। তবে তার পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। পতাকা বৈঠকের আহবান করা হয়েছে। বৈঠক শেষে নিশ্চিত হওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *