কোরবানির হাট বন্ধ করতে গিয়ে হামলার শিকার ম্যাজিস্ট্রেট, গাড়ি ভাঙচুর

নজর২৪, নোয়াখালী- নোয়াখালীর কবিরহাটের ধানসিঁড়ি ইউনিয়নে কোরবানির পশুর হাট বন্ধ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় তার ব্যবহৃত গাড়ি ভাঙচুর করে স্থানীয়রা।

 

সোমবার (১২ জুলাই) বিকেল সোয়া ৩টার দিকে নবগ্রামের চিরিংগা বাজারে এ হামলার ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, চলমান লকডাউনে সরকারি বিধিনিষেধ অমান্য করে আসন্ন কোরবানি উপলক্ষে চিরিংগা বাজারে গরুর হাটের আয়োজন করা হয়। সোমবার দুপুর থেকে ওই বাজারে গরু আনতে শুরু করে বিক্রেতারা।

 

বিকেলে খবর পেয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবব্রত দাশ ওই অভিযান চালান। অভিযানে সহযোগিতা করে কবিরহাট থানার সহকারী উপ-পরিদর্শক রফিক উল্যার নেতৃত্বে একদল পুলিশ।

 

কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিনা আক্তার বিষয়টি নিশ্চিত করে জানান, সরকারি নিষেধ অমান্য করে চিরিংগা বাজারে গরুর হাট বসানোর খবর পেয়ে অভিযান চালানো হয়। ম্যাজিস্ট্রেটের গাড়ি দেখে উৎসুক জনতা লাঠি-সোটা নিয়ে তাতে হামলা চালায়। এতে গাড়ির ভেতরে ও বাইরের অংশের কাচ ভেঙে গেছে। পুলিশ থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।

 

এ বিষয়ে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জয়নাল আবেদীন বলেন, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে মামলা করা হচ্ছে। আমরা আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব।

 

নোয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান বলেন, এ ব্যাপারে দুষ্কৃতকারীদের বিরুদ্ধে থানায় মামলা হচ্ছে। তাদের গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *