নজর২৪, ঢাকা- জীবন-জীবিকার নিরাপত্তা প্রদানে ব্যর্থতা হওয়ায় সরকার ক্ষমতায় থাকার নৈতিক অধিকার হারিয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রেসিডিয়াম সদস্য মাওলানা মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী।
শুক্রবার (৯ জুলাই) বিকেলে পুরানা পল্টনস্থ কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর চলমান পরিস্থিতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় উপস্থিত ছিলেন দলের মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান ও ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারি মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম, কেএম আতিকুর রহমান, জিএম রুহুল আমীন, শেখ ফজলুল করীম মারুফ প্রমুখ।
এসময়য় মোসাদ্দেক বিল্লাহ বলেন, করোনা চিহ্নিত হওয়ার ১৬ মাস পরেও বাংলাদেশ এখন করোনা পরিস্থিতিতে সবচেয়ে খারাপ সময় পার করছে। দুঃখজনক সত্য হলো, এই ১৬ মাসে সরকার আনন্দ উৎসব করলেও কার্যকর কোন ব্যবস্থা গ্রহণ করে নাই। চিকিৎসা ব্যবস্থা এখনো সেই আগের মতোই ভঙ্গুর ও নাজুক। টিকা নিয়েও সরকারের ব্যর্থতা সীমা ছাড়িয়ে গেছে।
তিনি আরও বলেন, সরকার মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পারে নাই। স্বাধীনতার ৫০ বছরে এসে দেশে দুর্ভিক্ষ শুরু হয়েছে। সার্বিকভাবে বাংলাদেশ করোনা মোকাবিলায় বিশ্বের ব্যর্থতম একটি দেশে পরিণত হয়েছে। এমন পরিস্থিতিতে যেখানে খোলাবাজারে চাল আটা বিক্রি বাড়ানো দরকার, সেখানে সরকার উল্টো কমিয়ে দিয়েছে। ফলে ওএমএস (ওপেন মার্কেট সেল) সেন্টারগুলোতে মানুষের সারি দীর্ঘ হচ্ছে। ক্ষুধার মাত্রা ভারি হচ্ছে।
মাওলানা মোসাদ্দেক বিল্লাহ বলেন, খাদ্য সচিবের ভাষ্য অনুসারে খোলা বাজারের চালও কালোবাজারে বিক্রি হয়ে যাচ্ছে। এমতাবস্থায় এই সরকারের ক্ষমতায় থাকার নৈতিক কোন অধিকার নাই।
